Rajya Sabha Elections 2026: আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল ওডিশার প্রধান বিরোধী দল বিজেডি (Biju Janata Dal)। শনিবার বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক (Naveen Patnaik) রাজ্য়সভার দুটি আসনে বিজু জনতা দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন।

Rajya Sabha Elections 2026: তৃণমূলের মত এবার রাজ্য়সভায় প্রার্থী হিসাবে 'অরাজনৈতিক' ব্যক্তিত্বকে বাছল বিজু জনতা দল। আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল ওডিশার প্রধান বিরোধী দল বিজেডি (Biju Janata Dal)। শনিবার ভূবনেশ্বরে বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক (Naveen Patnaik) রাজ্য়সভার দুটি আসনে বিজু জনতা দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন। ওডিশা থেকে রাজ্যসভার দুই বিজেডি প্রার্থীরা হলেন, সন্ত্রুপ্ত মিশ্র (Santrupt Misra) ও ডক্টর দত্তেশ্বর হোতা (Dr. Datteswar Hota)। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেডি প্রার্থী হিসাবে কটক থেকে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন সন্ত্রুপ্ত মিশ্র । তাঁকেই এবার রাজ্য়সভায় পাঠাচ্ছেন নবীন। অন্যদিকে, দত্তেশ্বর দত্ত হলেন ওডিশার বিশিষ্ট মূত্ররোগ বিশেষজ্ঞ চিকিৎসক ( ( Urologist)।

রাজ্যসভায় ভোট কবে

 আগামী ১৬ মার্চ দেশের পাঁচটি রাজ্যের সঙ্গে ওডিশার চারটি রাজ্যসভা আসনে নির্বাচন হবে। খুব বড় ক্রস ভোটিং না হলে একটি আসনে বিজেডি প্রার্থীর জয় নিশ্চিত। ২০২৪ লোকসভা নির্বাচনে ওডিশায় একটা আসনও জিততে পারেনি নবীনের দল। তবে বিধানসভায় ক্ষমতা হারলেও ৫১টি আসনে জিতে প্রধান বিরোধী দল হয় বিজু জনতা দল। রাজ্যসভায় এখন বিজেডির মোট ৭ জন সাংসদ আছেন। তাদের মধ্যে দুজনের মেয়াদ শেষ হচ্ছে।

বিজেডি-র ৫১জন বিধায়ক রয়েছেন

অন্যদিকে, ৭৮টি আসনে জিতে ওডিশায় প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। বিজেডি ৫১টি ও কংগ্রেস জিতেছিল ১৭টি বিধানসভা আসনে। প্রসঙ্গত, ওডিশায় একটানা ২৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। তবে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর এখন নবীনের দল ওডিশা রাজনীতিতে বেশ কোণঠাসা। বিজেডি-র অনেক বড় নেতাই দলবদলে বিজেপিতে গিয়েছেন।

ওডিশায় ২৪ বছর পর ক্ষমতা হারিয়ে চাপে নবীন পট্টনায়েক

এমনকি জয় জগন্নাথের রাজ্যের কংগ্রেসও বিজেডি ভেঙে শক্তিশালী হচ্ছে। তবে বয়সের বারে ঝুঁখে গেলেও নবীন চেষ্টা করছেন ক্ষমতায় ফেরার। ওডিশার বিজেপি নেতাদের দাবি, সেখানে অন্তত ২৫ বছর বিজেডি ক্ষমতায় ফিরতে পারবে না। প্রসঙ্গত, ওডিশার ২১টি লোকসভা আসনের মধ্যে ২০টি-তে বিজেপি ও একটিতে কংগ্রেসের সাংসদ আছে।

চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। রাজ্য়সভায় প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল।