Iran Executes Aerospace Engineer: গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এবার ফাঁসি দেওয়া হল ২৯ বছরের এক তরুণ মহাকাশ প্রকৌশলীকে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত তরুণের নাম এরফান শাকুরজাদেহ।

Iran Executes Aerospace Engineer: গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এবার ফাঁসি দেওয়া হল ২৯ বছরের এক তরুণ মহাকাশ প্রকৌশলী (Aerospace Engineer)-কে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত তরুণের নাম এরফান শাকুরজাদেহ। তাঁর বিরুদ্ধে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ (CIA) এবং ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছিল। সোমবার ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম 'মিজান'-এ এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, সোমবার ভোরে তেহরানের কাছে কারাজ শহরের কেজেল হেসার জেলে ফাঁসি দেওয়া হয় এরফানকে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র ছিলেন এরফান শাকুরজাদেহ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেধাবী ছাত্রর 'গুপ্তচরবৃত্তি'

উপগ্রহ প্রযুক্তি নিয়ে গবেষণায় তিনি ছিলেন অন্যতম মেধাবী ছাত্র বলেও দাবি করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি উপগ্রহ সংক্রান্ত একটি বৈজ্ঞানিক সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, দেশের উপগ্রহ প্রকল্প সংক্রান্ত গোপন তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছিলেন এরফান। বিশেষ করে CIA এবং মোসাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে দাবি করেছে প্রশাসন। 'শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা'-র অভিযোগেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

প্রতিবাদে গর্জে উঠেছে মানবাধিকার সংস্থাগুলি

২০২৫ সালে তাঁকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, গ্রেফতারের পর প্রায় দু'বছর জেলে রাখা হয়েছিল এরফানকে। সেই সময় তাঁর কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয় বলেও অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাঁকে দোষ স্বীকারে বাধ্য করা হয়েছিল। ইরান হিউম্যান রাইটস সোসাইটি-সহ একাধিক সংগঠন এই মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা করেছে। মানবাধিকার সংগঠন হেঙ্গাও এবং HRANA-র অভিযোগ, বিচার প্রক্রিয়ায় কোনও স্বচ্ছতা ছিল না। স্বাধীনভাবে আদালতের কার্যক্রম যাচাই করার সুযোগও মেলেনি। জেল থেকে লেখা একটি নোটে এরফান নিজেও সমস্ত গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছিলেন বলে দাবি মানবাধিকার কর্মীদের।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরপাকড় আরও বাড়িয়েছে ইরান

জানা গিয়েছে, এরফান এর আগে তাবরিজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছিলেন। মেধাবী এই তরুণ বিজ্ঞানীর মৃত্যুদণ্ডে ক্ষোভ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। বিশেষজ্ঞদের মতে, উপগ্রহ ও মহাকাশ গবেষণা ইরানে অত্যন্ত স্পর্শকাতর ক্ষেত্র, কারণ এর সঙ্গে সামরিক প্রযুক্তির যোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়ার পর থেকেই গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরপাকড় আরও বাড়িয়েছে ইরান।