গত সাত মাসে বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। তবে নিখোঁজ হওয়া ওই শিশুদের মধ্যে কতজন এখনও পরিবারের কাছে ফেরেনি, তার সঠিক হিসেব সরকারের কাছে নেই। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমান এ কথা জানিয়েছেন।
গত সাত মাসে বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। তবে নিখোঁজ হওয়া ওই শিশুদের মধ্যে কতজন এখনও পরিবারের কাছে ফেরেনি, তার সঠিক হিসেব সরকারের কাছে নেই। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমান এ কথা জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান তিনি। জাহিদ বলেন, ‘‘গত সাত মাসে ১৫,৭১৭টি শিশুর বিষয়ে জিডি দায়ের করা হয়েছে। অথচ এর আগের সাত মাসে—অর্থাৎ ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত—১৩,৮৭৬টি জিডি দায়ের করা হয়েছিল।’’
তবে শিশু নিখোঁজের জিডির সংখ্যাকে কেন্দ্র করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। তাঁর বক্তব্য, কোনও শিশু নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। কিন্তু জিডি দায়েরের অর্থ এই নয় যে ওই শিশু আর পরিবারের কাছে ফিরে আসেনি। নিখোঁজ শিশুদের একটি বড় অংশ পরবর্তীতে পরিবারের কাছে ফিরে আসে। জাহিদ বলেন, ‘‘আমরা হিসাব করতে পারি, এর বিরাট একটা অংশ ফেরত আসে। কোনও কোনও পত্রিকা পরে ফলোআপ রিপোর্ট করেছে এবং এটাও মিডিয়ার কাজ।’’
তবে নিখোঁজ শিশুদের মধ্যে ঠিক কতজন এখনও ফেরেনি, সেই বিষয়ে সরকারের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই বলেও স্বীকার করেন তিনি। তাঁর কথায়, ‘‘এক্স্যাক্টলি কত শিশু আর ফিরে আসেনি, এই ডেটাটা পুরোপুরি নেই আমাদের কাছে।’’
সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় জিডির সংখ্যা আগের সাত মাসের তুলনায় বেড়েছে। ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ১৩,৮৭৬টি জিডি দায়ের হয়েছিল। পরবর্তী সাত মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৭১৭। তবে জিডির সংখ্যা এবং নিখোঁজ থেকে যাওয়া শিশুর প্রকৃত সংখ্যা এক নয়—এই বিষয়টিই স্পষ্ট করেছেন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।


