ফ্লোরিডায় রবিবার দুপুরে একটি বেসরকারি বিমান আকাশ থেকে ৮০০০ ফুট নিচে সোজা আছড়ে পড়ে এক জনবহুল এলাকায়। ওই বিমানে ৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

রবিবার দুপুরে দক্ষিণ ফ্লোরিডার একটি জনবহুল এলাকায় একটি প্রাইভেট জেট আচমকাই ভেঙে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, ওই বিমানে অন্তত ৯ জন ছিলেন। মাটিতে আছড়ে পড়ার পরেই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়। পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধারকারী দল আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। বিমানে থাকা ৯ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলেও মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

ফ্লোরিডায় বিমান দুর্ঘটনা

ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ ফ্লোরিডার ক্রেস্টহ্যাভেনের কাছে এই দুর্ঘটনা ঘটে। জায়গাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে মাত্র ৯ মাইল দূরে। এফএএ (FAA) নিশ্চিত করেছে যে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল। এর গন্তব্য ছিল বাহামাসের নর্থ এলুথেরা বিমানবন্দর।

Scroll to load tweet…

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, "এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) পুরো ঘটনার তদন্ত করবে। এনটিএসবি এই তদন্তের দায়িত্বে থাকবে এবং তারাই সব আপডেট দেবে।"

ফক্স নিউজ আরও জানিয়েছে, ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড এবং টেনথ অ্যাভিনিউ নর্থের মাঝের মিলিটারি ট্রেইল রাস্তাটি বন্ধ করে দিয়েছে উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে, সেখানে জোরকদমে উদ্ধারকাজ চলছে। সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি খুব দ্রুত নিচের দিকে নেমে আসছে। এরপরই বিকট বিস্ফোরণ হয় এবং কালো ধোঁয়া ও আগুনে ঢেকে যায় চারপাশ।

কী করে বিমান দুর্ঘটনা?

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ (Flightradar24)-এর তথ্য অনুযায়ী, অস্টিন থেকে ওড়ার পর লিয়ারজেট (Learjet) বিমানটি প্রথমে ৪১ হাজার ফুট উঁচুতে ওঠে। ফ্লোরিডার নেপলসের কাছে এটি নিচে নামতে শুরু করে। এরপর সামান্য ওপরে উঠলেও, ইউটিসি (UTC) সময় বিকেল ৫টা ৪৮ মিনিট নাগাদ ডানদিকে হেলে দ্রুতগতিতে নিচে আছড়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিমানটি প্রায় ৮ হাজার ফুট উঁচুতে উড়ছিল। সেখান থেকেই সরাসরি মাটিতে আছড়ে পড়ে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখবে এফএএ এবং এনটিএসবি। তবে মূল তদন্তের ভার থাকছে এনটিএসবি-র হাতেই।