Panda Diplomacy ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে 'পান্ডা কূটনীতি' শি জিনপিংয়ের। বাণিজ্য যুদ্ধের মাঝে হাজির জোড়া পান্ডা। বেজিং এবং ওয়াশিংটনের সম্পর্কের বরফ গলানোর বার্তা নিয়ে ফের শুরু হল বহুল চর্চিত 'পান্ডা কূটনীতি'।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে 'পান্ডা কূটনীতি' শি জিনপিংয়ের। বাণিজ্য যুদ্ধের মাঝে হাজির জোড়া পান্ডা। বেজিং এবং ওয়াশিংটনের সম্পর্কের বরফ গলানোর বার্তা নিয়ে ফের শুরু হল বহুল চর্চিত 'পান্ডা কূটনীতি'। চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু থেকে একটি বিশেষ বিমানে চেপে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা চিড়িয়াখানার উদ্দেশে রওনা দিল দুটি পান্ডা (জায়ান্ট পান্ডা)। সেই দুটি পান্ডার নাম- 'পিং পিং' এবং 'ফু শুয়াং'। বেজিংয়ের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি ঋণের ভিত্তিতে এই বিরল পান্ডা জোড়াকে ট্রাম্পের দেশে পাঠানো হচ্ছে।

বিমানে চড়ে আমেরিকা চলল দুই পান্ডা

রবিবার স্থানীয় সময় ভোর পৌনে তিনটে নাগাদ চেংদু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোড়া পান্ডাকে নিয়ে বিশেষ চার্টার্ড বিমানটি উড়ে যায়। ঘটনার দিনক্ষণ অবশ্য বেশ তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাই-প্রোফাইল সফর ও বৈঠকের ঠিক পরদিনই এই পদক্ষেপ করা হল। ওই বৈঠকে দুই রাষ্ট্রনেতাই বাণিজ্য যুদ্ধ সাময়িক স্থগিত রাখা এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সংক্রান্ত হটলাইন চালু করার বিষয়ে সম্মত হয়েছিলেন। জিনপিং তাঁর সফরে জায়েন্ট পান্ডাকে দুই দেশের মেত্রী ও সৌহার্দ্যের "অনন্য দূত" হিসেবে অভিহিত করেন।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

দুই পান্ডাকে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা

দুটি বিশেষ ক্র্যাটে ভরে পান্ডা দুটিকে বিমানে তোলা হয়। সফরকে স্মরণীয় করে রাখতে চেংদু রিসার্চ বেসে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করেছিলেন অনুগামীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে উৎসাহীদের ভিড় দেখা যায় বিমানবন্দর সংলগ্ন রাস্তায়। সুদীর্ঘ ১৫ ঘণ্টার এই যাত্রাপথে তাঁদের সঙ্গী হিসেবে রয়েছেন একদল প্রবীণ চিনা পশু চিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পর কোয়ারেন্টাইন পর্ব চলাকালীনও তাঁরা অ্যাটলান্টায় থেকে যত্ন নেবেন।

দুই পান্ডার নাম কী

পান্ডা দুটির বৈশিষ্ট্য নজরকাড়া। 'পিং পিং'- যার নামের অর্থ শান্তি, ওর জন্ম হয়েছিল ২০২০ সালের, ১৭ মার্চ। গাছে চড়তে ওস্তাদ এবং কিছুটা সাহসী হলেও মিষ্টি স্বভাবের এই পুরুষ পান্ডাটি আপেল খাওয়ার জন্য বিশেষ ভঙ্গিতে দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে। অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া ‘ফু শুয়াং’-এর নামের অর্থ দ্বিগুণ আশীর্বাদ। মাথার বিশেষ এক গুচ্ছ পশম ও মধুপ্রেমের জন্য পরিচিত এই নারী পান্ডাটি চোখের নিমেষে লুকিয়ে রাখা খাবার খুঁজে বের করতে পারে। বয়স, স্বাস্থ্য, বংশগতি ও চারিত্রিক গঠন পর্যবেক্ষণ করে এদের নির্বাচন করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করতে পারে।

নতুন অতিথিদের বরণ করতে তৈরি আটলান্টা

অ্যাটলান্টা চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুই নতুন অতিথির জন্য তাদের আস্তানা আরও বড় করার পাশাপাশি প্রচুর পরিমাণে বাঁশের জোগান নিশ্চিত করেছে। অতীতেও এই চিড়িয়াখানা 'লুন লুন' ও 'ইয়াং ইয়াং' নামের দুটি পান্ডার ৭টি ছানার জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল। চিন ও আমেরিকার মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব ফিরিয়ে আনাই এই কূটনৈতিক পদক্ষেপের মূল লক্ষ্য বলে মনে করছেন আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞরা।