কারিপাতা এবং গোলমরিচের স্বাদে ভরপুর মুচমুচে কারিপাতা চিকেন রোস্ট বানানোর সহজ পদ্ধতি এখানে দেওয়া হলো। দই ও লেবুর রসে ম্যারিনেট করা চিকেন স্পেশাল মশলা দিয়ে রোস্ট করে গরম ভাত বা স্টার্টার হিসেবে পরিবেশন করা যায়।

চিকেনের নাম শুনলেই নন-ভেজ প্রেমীদের জিভে জল আসে। সাধারণত রান্নায় কারিপাতা আমরা শুধু ফোড়নের জন্য ব্যবহার করি, আর খাওয়ার সময় সেটা পাতে সরিয়ে রাখি। কিন্তু সেই কারিপাতাকেই প্রধান মশলা করে যদি চিকেন রোস্ট বানানো যায়, তবে তার স্বাদ হয় একদম অন্যরকম! মুচমুচে কারিপাতা আর ঝাল-ঝাল গোলমরিচের স্বাদে ভরপুর ‘কারিপাতা চিকেন রোস্ট’ বানানোর সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ

১. ম্যারিনেশনের জন্য

চিকেন (লেগ পিস বা সাধারণ টুকরো) – ২৫০ গ্রাম

দই – ১/৩ কাপ

লেবুর রস – ১ টেবিল চামচ

নুন – এক চিমটে

২. স্পেশাল মশলা গুঁড়োর জন্য

তাজা কারিপাতা – ১ কাপ

শুকনো লঙ্কা – ৫টি

ধনে (গোটা ধনে) – ১ টেবিল চামচ

গোলমরিচ – ১ টেবিল চামচ

জিরে – ১/২ চা চামচ

৩. মশলা পেস্টের জন্য

পেঁয়াজ – ১টি (বড়)

কাঁচালঙ্কা – ৩টি

রসুনের কোয়া – ২ টেবিল চামচ

আদা – ১ টেবিল চামচ

৪. ফোড়ন ও রোস্ট করার জন্য

পেঁয়াজ – ১টি (কুচি করা)

তেল – ২ টেবিল চামচ

জিরে – সামান্য

গরম মশলা – ১ চা চামচ

নুন – স্বাদমতো

প্রণালী

ম্যারিনেশন

প্রথমে চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। মশলা যেন ভেতরে ঢোকে তাই টুকরোগুলোর গায়ে হালকা করে চিরে দিন। একটা বাটিতে চিকেন, দই, লেবুর রস আর এক চিমটে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। প্রায় ২০ মিনিট এটা ম্যারিনেট হতে দিন (এতে চিকেন নরম আর জুসি হবে)।

মশলা গুঁড়ো তৈরি

গ্যাসে প্যান বসিয়ে তাতে গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে আর কারিপাতা দিয়ে হালকা আঁচে ভাজুন। কারিপাতা মুচমুচে হয়ে সুন্দর গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হলে মিক্সিতে মিহি গুঁড়ো করে রাখুন।

পেস্ট তৈরি: অন্য একটা মিক্সি জারে আদা, রসুন, কাঁচালঙ্কা, পেঁয়াজ আর সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন।

রোস্ট করার ধাপ

*প্যানে তেল গরম করে তাতে সামান্য জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ম্যারিনেট করা চিকেন, আদা-রসুনের পেস্ট আর তৈরি করে রাখা কারিপাতার মশলা গুঁড়ো দিয়ে চিকেনের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিন।

*একটু জল ছিটিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না হতে দিন।

শেষ ধাপ

সবশেষে স্বাদমতো নুন আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মশলা যেন তলায় না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। মাঝে মাঝে নেড়ে দিয়ে, মাঝারি আঁচে তেল ছাড়া পর্যন্ত রোস্ট করে গ্যাস বন্ধ করে দিন।

এবার সুগন্ধে ভরা, ঝাল-ঝাল কারিপাতা চিকেন রোস্ট পরিবেশনের জন্য তৈরি! গরম ভাত, ডাল বা রসমের সঙ্গে সাইড ডিশ হিসেবে অথবা স্টার্টার হিসেবে খেতে এটি দারুণ লাগে।