Odisha Tourism: পুজোর ছুটিতে দার্জিলিং বা পুরীর ভিড় এড়াতে চান? ঘুরে আসুন ওড়িশার একদম অফবিট কালিয়ামালি থেকে। কোরাপুটের এই হিলটপকে বলা হয় ওড়িশার আইসল্যান্ড বা সুইজারল্যান্ড। সবুজ ভ্যালি, মেঘের ওপরে ক্যাম্পিং আর ইউরোপের মতো ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করবেই।
Tourism News: পুজোর ছুটি মানেই ভিড়। দার্জিলিং (Darjeeling), সিকিম (Sikkim), পুরী (Puri), সব জায়গাতেই তিল ধারণের জায়গা নেই। যদি এবার একটু অন্যরকম, একটু শান্ত, একটু ইউরোপের (Europe) মতো জায়গা খুঁজছেন, তাহলে আপনার জন্য আদর্শ ডেস্টিনেশন হল কালিয়ামালি। কালিয়ামালি বা কালামালি হিলটপ ওড়িশার কোরাপুট জেলায় অবস্থিত। তুরলি গ্রামের কাছে। এটি ওড়িশার অন্যতম উচ্চতম পাহাড়চূড়া। স্থানীয়রা একে ভালোবেসে বলে 'ওড়িশার আইসল্যান্ড' বা 'ওড়িশার সুইজারল্যান্ড'।
কেন যাবেন কালিয়ামালি?
এখানে এলে মনে হবে আপনি ভারতে নয়, ইউরোপের কোনও দেশে দাঁড়িয়ে আছেন। যতদূর চোখ যায়, শুধু সবুজ ঘাসের গালিচা, রোলিং হিলস আর ছোট ছোট নদী। সকালবেলা মেঘের ওপর থেকে সূর্যোদয় দেখা, বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত আর রাতে খোলা আকাশের নিচে তাঁবুতে থাকা, এ এক অন্য অনুভূতি। যাঁরা পাহাড় ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, ফটোগ্রাফি বা ক্যাম্পিং ভালোবাসেন, তাঁদের জন্য স্বর্গরাজ্য।
কীভাবে যাবেন?
কলকাতা থেকে কালিয়ামালি প্রায় ৫৫০ কিমি। সবচেয়ে কাছের বড় শহর কোরাপুট। হাওড়া থেকে কোরাপুট যাওয়ার ট্রেন আছে। কোরাপুট থেকে গাড়ি ভাড়া করে প্রায় ৩০-৪০ কিমি গেলেই কালিয়ামালি। রাস্তাটাও অসাধারণ সুন্দর, চারপাশে ঘন সবুজ আর পাহাড়।
থাকবেন কোথায়?
এখানে কোনও বিলাসবহুল হোটেল নেই, এটাই এর সৌন্দর্য। আপনাকে থাকতে হবে টেন্ট বা ক্যাম্পে। অনেক ট্রাভেল গ্রুপ এখন কার ক্যাম্পিং এবং টেন্ট ক্যাম্পিং করায়। নিজের গাড়ি নিয়েও ক্যাম্পিং করতে পারেন। কোরাপুট শহরে কিছু হোটেলও আছে, সেখান থেকে দিনে দিনেও ঘুরে আসা যায়। পুজোর ছুটিতে যদি একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি চান, পরিবার বা বন্ধুদের নিয়ে চলে যান কালিয়ামালি। ভিড় থেকে দূরে এই শান্ত, সুন্দর জায়গা আপনার মন ছুঁয়ে যাবে, ফিরে আসতে মন চাইবে না। কোরাপুটের কাছে আরও অনেক সুন্দর জায়গা আছে। প্রতিটি জায়গাই অত্যন্ত সুন্দর। তাই পুজোর ছুটিতে বা বছরের অন্য যে কোনও সময় ঘুরে আসতেই পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








