২০২৬ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। জেনে নিন কৌশিকী অমাবস্যার ইতিহাস, মাহাত্ম্য, মা তারার পুজোর সঠিক সময় ও তারাপীঠের বিশেষ নির্ঘণ্ট।

হিন্দু শাস্ত্রে অমাবস্যা তিথির গুরুত্ব অনেক। কিন্তু বছরের সব অমাবস্যার মধ্যে "কৌশিকী অমাবস্যা" কে বলা হয় সবচেয়ে পবিত্র। বিশেষ করে শাক্ত ও তন্ত্র সাধকদের কাছে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে এই বিশেষ তিথি পড়েছে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

*কৌশিকী অমাবস্যা কাকে বলে?*

পুরাণ মতে, অসুর শুম্ভ ও নিশুম্ভ পৃথিবীতে অত্যাচার শুরু করলে দেবতারা মা দুর্গার শরণাপন্ন হন। তখন মা পার্বতী নিজের দেহের কালো কোষিকা ত্যাগ করে দেবী কৌশিকী রূপ ধারণ করেন। সেই কৌশিকী রূপই পরে দেবী চামুণ্ডা বা তারা রূপে শুম্ভ-নিশুম্ভকে বধ করেন।

আর এই ঘটনাটি ঘটেছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে। তাই এই অমাবস্যার নাম হয়েছে "কৌশিকী অমাবস্যা"।

*কোন দেবীর পুজো হয় এই দিনে?*

এই দিনে মূলত *মা তারার* পুজো করা হয়। মা তারা হলেন দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। তন্ত্র মতে তিনি "নীল সরস্বতী" নামেও পরিচিত। কথিত আছে এই তিথিতেই সাধক বশিষ্ঠ মুনি তারা পীঠের শ্মশানে মা তারার দর্শন পেয়েছিলেন। তাই তারাপীঠে এই দিনের গুরুত্ব সবচেয়ে বেশি।

আরও পড়ুন- Tarapith Kali Temple: গর্ভগৃহে গিয়ে আর ছোঁয়া যাবে না তারা মাকে, ভক্তদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম

*২০২৬ সালে তিথির নির্ঘণ্ট*

*তিথি শুরু:* ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা ১ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে।

*তিথি শেষ:* ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টা ৫০ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে।

*পুজোর সঠিক সময় কখন?*

কৌশিকী অমাবস্যার রাতকেই "তারা রাত্রি" বলা হয়। শাস্ত্র মতে এই রাতের প্রতিটি মুহূর্ত সাধনার জন্য শ্রেষ্ঠ।

তাই *১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১ সেপ্টেম্বর ভোর* পর্যন্ত সময়ে মা তারার পুজো, জপ, হোম ও তন্ত্র-সাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। এই রাতে মা খুব দ্রুত ভক্তের ডাকে সাড়া দেন বলে বিশ্বাস।

*তারাপীঠে কৌশিকী অমাবস্যা*:

তারাপীঠ হল মা তারার অন্যতম প্রধান পীঠ। কৌশিকী অমাবস্যার দিন এখানে লক্ষ ভক্তের সমাগম হয়।

১০ সেপ্টেম্বর সকাল থেকেই মন্দিরে বিশেষ পুজো শুরু হবে। রাতে হবে মহাহোম, মহাযজ্ঞ ও নিশিরাতের বিশেষ আরতি। সাধু-সন্ন্যাসী ও তন্ত্র সাধকরা এই রাত জেগে সাধনা করেন। যারা যেতে পারবেন না, তারা বাড়িতে লাল আসনে মা তারার ছবি রেখে জপ-ধ্যান করতে পারেন।

আরও পড়ুন -Ambubachi 2026: অম্বুবাচীতেও ভক্তদের জন্য খোলা তারাপীঠের মন্দির, আসল কারণ জানলে অবাক হবেন!

*কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য*:

১. এই দিনে পুজো করলে পিতৃদোষ ও গ্রহদোষ কাটে।

২. তন্ত্র সাধনার জন্য এই রাতকে "সিদ্ধ রাত্রি" বলা হয়।

৩. মনে করা হয় এই দিনে দান-ধ্যান করলে অক্ষয় পুণ্য লাভ হয়।

৪. মনের ইচ্ছা পূরণ ও বাধা দূর করার জন্য এই তিথি খুবই শুভ।

কৌশিকী অমাবস্যা শুধু একটি তিথি নয়। এটি অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের প্রতীক। তাই এই দিনে মন পরিষ্কার রেখে মা তারাকে ডাকুন।