Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ২১ সোনা-সহ ৮৫ পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে থাকে ভারত। বৃহস্পতিবার এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।
KNOW
Prime Minister Narendra Modi: সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে (Asian Games 2026) পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পদকজয়ী অ্যাথলিটদের প্রশংসা করেছেন। এই সাফল্যে সারা দেশের মতোই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। তিনি পদকজয়ীদের সংবর্ধনা দিয়েছেন। এবারের এশিয়ান গেমসে মোট ৮৫টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এর মধ্যে আছে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। ২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসেও চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে সেবার ১০৬টি পদক জিতেছিল ভারত। এবার ২১টি কম পদক এসেছে। তিরন্দাজি, কুস্তি ও বক্সিংয়ে উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি হকি, ক্রিকেট এবং কবাডিতেও সোনা জিতেছে ভারত। গেমসের শেষদিকে সোনা জয়ের সংখ্যা বাড়িয়ে পদক তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় ভারতীয় দল।
এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য ভারতের
এবারের এশিয়ান গেমসে ব্যক্তিগত ও দলগত, দুই ধরনের ইভেন্টেই সাফল্য পেয়েছে ভারত। তবে কয়েকটি খেলায় আগের এশিয়ান গেমসের তুলনায় পদক সংখ্যা কমেছে। তিরন্দাজিতে ভারতের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। এই বিভাগ থেকে পাঁচটি সোনা, দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ-সহ মোট ন’টি পদক এসেছে। রিকার্ভ বিভাগেও ইতিহাস গড়েছেন ভারতীয় তিরন্দাজেরা। মহিলাদের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে এসেছে বিশেষ সাফল্য। কুস্তিতে ভারত পেয়েছে মোট ছ’টি পদক। এর মধ্যে দু’টি সোনা, দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ আছে। বক্সিংয়েও ছ’টি পদক জিতেছেন ভারতীয়রা। তিনটি সোনার পাশাপাশি এসেছে তিনটি ব্রোঞ্জ। এই দুই বিভাগে সাফল্য ভারতের সামগ্রিক পদকসংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
হকি, ক্রিকেটে পুরুষ-মহিলা বিভাগে সোনা
দলগত খেলায় ভারতের সাফল্যের অন্যতম বড় দিক ছিল হকি। পুরুষ ও মহিলা, দুই দলই সোনা জিতেছে। ফাইনালে পুরুষ দল মালয়েশিয়াকে ৫-১ হারায়। অন্যদিকে, মহিলা দল চিনকে ১-০ হারিয়ে সোনা জেতে। ক্রিকেটেও দু’টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। মহিলাদের দল ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরুষদের দল ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে। কবাডিতেও একই সাফল্যের পুনরাবৃত্তি করেছে ভারত। পুরুষ ও মহিলা, দুই দলই নিজেদের ফাইনালে জিতে সোনা নিশ্চিত করেছে। ব্যক্তিগত ইভেন্টগুলির মধ্যে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে সহচেয়ে বেশি পদক জিতেছে ভারত। এই বিভাগ থেকে এসেছে মোট ২৪টি পদক। যার মধ্য়ে একটি সোনা, ন’টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ আছে। উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন গুলবীর সিং। তিনি ১০,০০০ মিটার ও ১,৫০০ মিটারে রুপো এবং ৫,০০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন। শুটিং থেকে ভারত পেয়েছে ১৫টি পদক। এর মধ্যে রয়েছে তিনটি সোনা, আটটি রুপো এবং চারটি ব্রোঞ্জ। তবে এই বিভাগে ভারতের পদকসংখ্যা আগের এশিয়ান গেমসের তুলনায় কমেছে। ২০২৩ সালে শুটিং থেকে ২২টি পদক জিতেছিল ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








