2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রতিদিন একাধিক ম্যাচ হচ্ছে। কিন্তু সবার নজর ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিকে। এই ম্যাচ হবে কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে।
KNOW
India vs Pakistan: বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, ১২ ফেব্রুয়ারির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ঘোষণা করবে, টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদল করা হচ্ছে। কিন্তু তার আগেই পিসিবি ইঙ্গিত দিল, তারা ভারতের বিরুদ্ধে ম্যাচে দল নামাবে। শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) আগেই পিসিবি-কে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেছিল। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা। পর্যটনও ধাক্কা খাবে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা (Shammi Silva) পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধ উপেক্ষা করা পিসিবি-র পক্ষে কঠিন। পাকিস্তানে ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পরেও সে দেশে খেলতে গিয়েছে শ্রীলঙ্কা দল। সেই শ্রীলঙ্কার অনুরোধ হয়তো নাকচ করতে পারবে না পাকিস্তান।
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় পিসিবি
শনিবার পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কার পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে, সে বিষয়ে ফের পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে এক পিসিবি কর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের বরাবরই অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকারের সঙ্গে সরকারের এবং ক্রিকেটের ক্ষেত্রেও এই সম্পর্ক রয়েছে। ফলে ওদের বোর্ড থেকে আসা চিঠি উপেক্ষা করা যাবে না। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) গতকাল থেকে দেশে নেই। আজ তাঁর দেশে ফেরার কথা। তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের অনুরোধের কথা জানাবেন। সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পিসিবি-র সঙ্গে সরাসরি যোগাযোগ শাম্মির
পিসিবি সূত্রে আরও জানা গিয়েছে, সরাসরি নকভির সঙ্গে যোগাযোগ করেছেন শাম্মি। দুই ক্রিকেট বোর্ডের প্রধানের ব্যক্তিগত সম্পর্ক ভালো। সেটাই কাজে লাগাতে চাইছে শ্রীলঙ্কা। তারা বিপুল আর্থিক ক্ষতি সামাল দিতে পারবে না। এই কারণেই পিসিবি-কে সিদ্ধান্ত বদলের জন্য রাজি করাতে চাইছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


