2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে শুধু ফাইনাল ম্যাচ বাকি। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (India vs New Zealand)। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।
KNOW
2026 ICC Men's T20 World Cup Final: রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগেই এল সুখবর। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া একমাত্র ভারতীয় সঞ্জু স্যামসন (Sanju Samson)। সুপার এইট পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) এবং সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) অসাধারণ ব্যাটিং করেন সঞ্জু। এই কারণেই তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হলেন। যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand) এবং দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটারদের সংখ্যাই বেশি। তবে সঞ্জু যদি ফাইনালেও দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে তিনিই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে পারেন। তবে ব্যক্তিগত পুরস্কারের চেয়েও দলকে চ্যাম্পিয়ন করাই এই উইকেটকিপার-ব্যাটারের আসল লক্ষ্য।
সেরা পুরস্কার পাচ্ছেন না বরুণ চক্রবর্তী
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রচুর রান দিলেও, চলতি টি-২০ বিশ্বকাপে সবমিলিয়ে ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তিনি আট ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে যুগ্মভাবে সর্বাধিক উইকেটশিকারী। তাঁর ইকনমি রেট ৮.৮৫। কিন্তু তা সত্ত্বেও সেরা পুরস্কার পাওয়ার লড়াইয়ে নেই বরুণ। আইসিসি-র এই সিদ্ধান্ত বিস্ময়কর।
সেরা পুরস্কারের মনোনয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার!
সঞ্জু ছাড়াও চলতি টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস (Will Jacks), পাকিস্তানের (Pakistan) সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan), দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ও এইডেন মার্করাম (Aiden Markram), নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও টিম সিফার্ট (Tim Seifert) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) শ্যাডলি ভ্যান শালকউইক (Shadley van Schalkwyk)। মার্কিন যুক্তরাষ্ট্র সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও সেই দলের এক ক্রিকেটার সেরার পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হলেন। অথচ ভারতীয় দলের একজনের বেশি খেলোয়াড় এই পুরস্কার পাওয়ার জন্য মনোনয়ন পাননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


