2026 Under-19 Men's Cricket World Cup: পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সফলতম দল ভারত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এই পারফরম্যান্স বজায় থাকলে ষষ্ঠ খেতাব আসতে চলেছে।
KNOW
India U19 vs Afghanistan U19: ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (2026 Under-19 Men's Cricket World Cup) ফাইনালে পৌঁছে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন এবং চারবারের রানার্স ভারতীয় দল। বুধবার জিম্বাবোয়ের (Zimbabwe) হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club) দ্বিতীয় সেমি-ফাইনালে আফগানিস্তানকে সাত উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমেও কোনও সমস্যাই হল না। অনায়াস জয় এল। শতরান করে দলের জয় নিশ্চিত করলেন অ্যারন জর্জ (Aaron George)। এই টুর্নামেন্টে এর আগে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, সেমি-ফাইনালে ফর্মে ফিরলেন অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। তিনি ৫৯ বলে ৬২ রান করেন। ফের ঝোড়ো ব্যাটিং করলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিনি ওপেন করতে নেমে ৩৩ বলে ৬৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি।
জর্জের অসাধারণ ইনিংস
বৈভবের সঙ্গে ওপেন করতে নেমে ভারতীয় দলের ফাইনালে পৌঁছনো নিশ্চিত করে মাঠ ছাড়লেন জর্জ। ওপেনিং জুটিতে যোগ হয় ৯০ রান। এরপর আয়ূষের সঙ্গে জুটি বেঁধে ১১৪ রান যোগ করেন জর্জ। তাঁর সঙ্গে বিহান মালহোত্রার (Vihaan Malhotra) জুটিতে যোগ হয় ৯৬ রান। জর্জ ১০৪ বলে ১১৫ রান করেন। তিনি ১৫টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। বিহান ৪৭ বল খেলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) ছয় বল খেলে পাঁচ রান করে অপরাজিত থাকেন। তিন উইকেট হারিয়ে ৩১১ রান তুলে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।
বিফলে আফগানদের লড়াই
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ৩১০ রান করে আফগানিস্তান। ফয়সল শিনোজাদা (Faisal Shinozada) ৯৩ বল খেলে ১১০ রান করেন। উজাইরুল্লাহ নিয়াজাই (Uzairullah Niazai) ৮৬ বল খেলে ১০১ রান করে অপরাজিত থাকেন। কিন্তু তাঁদের লড়াই কোনও কাজে লাগল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


