Imran Tahir: দক্ষিণ আফ্রিকার (South Africa) জাতীয় দলের প্রাক্তন লেগ-স্পিনার ইমরান তাহির এখনও টি-২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের (Guyana Amazon Warriors) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন ইমরান।

Imran Tahir Record: বয়স যে তাঁর বোলিং-দক্ষতার উপর কোনওরকম প্রভাব ফেলতে পারেনি, সেটা ফের প্রমাণ করে দিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) তারকা লেগ-স্পিনার ইমরান তাহির। ৪৭ বছর বয়সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের (Guyana Amazon Warriors) হয়ে দুরন্ত বোলিং করে পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে কোনও এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন এই তারকা লেগ-স্পিনার। সেন্ট লুসিয়া কিংসের (Saint Lucia Kings) বিরুদ্ধে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন ইমরান। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদে ১১৯ রানে অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া কিংস।

ম্যাচের রং বদলে দিলেন ইমরান

এই ম্যাচের শুরুতে সেন্ট লুসিয়া কিংস দ্রুত রান তুললেও, ইমরানের দুর্দান্ত স্পেল ম্যাচের রং বদলে দেয়। পাওয়ার প্লে-তে কামিল পুরাণ (Kamil Pooran) ব্যাট হাতে সেন্ট লুসিয়া কিংসকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু ইমরান ও বাংলাদেশের (Bangladesh) মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) বোলিং শুরু করার পর দ্রুত ভেঙে পড়ে সেন্ট লুসিয়া কিংসের ইনিংস। নিজের প্রথম দুই ওভারেই দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ইমরান। প্রথমে পুরাণ এবং পরে রস্টন চেজকে (Roston Chase) ফেরত পাঠান এই স্পিনার। এরপর ইনিংসের শেষদিকে ফের আক্রমণে এসে সেন্ট লুসিয়া কিংসের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন এই অভিজ্ঞ স্পিনার। এক ওভারেই ম্যাককেনি ক্লার্ক (McKenny Clarke) এবং ম্যাথিউ ফোর্ডকে (Matthew Forde) বোল্ড করে দেন ইমরান। এরপর জোশুয়া বিশপকে (Joshua Bishop) এলবিডব্লু করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। সেন্ট লুসিয়া কিংসের ইনিংসের শেষ উইকেটের ক্যাচটিও নেন ইমরান নিজেই। ফলে তাঁর অসাধারণ স্পেলের পাশাপাশি সম্পূর্ণ হল একটি স্মরণীয় রাত।

নতুন রেকর্ড ইমরানের

এর আগে পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল কুক আইল্যান্ডসের (Cook Islands) স্পিনার টোমাকানুতে রিতাওয়ার (Tomakanute Ritawa) দখলে। ২০২২ সালে ফিজির (Fiji) বিরুদ্ধে ৪৬ বছর ২৯৯ দিন বয়সে ১৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ইমরান গত বছরই এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের (Antigua and Barbuda Falcons) বিরুদ্ধে ৪৬ বছর ১৪৮ দিন বয়সে ২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। এবার ৪৭ বছর ১৬৭ দিন বয়সে নিজেরই সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন তিনি। টি-২০ ক্রিকেটে এটি ইমরানের ষষ্ঠ পাঁচ উইকেট। এর মধ্যে ৪০ বছর বয়স পেরনোর পর তিনি চারবার পাঁচ উইকেট নিয়েছেন। পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার সেরা পাঁচ পারফরম্যান্সের তিনটিই এখন ইমরানের দখলে।

পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট

১. ইমরান তাহির — ৪৭ বছর ১৬৭ দিন — ৫/১৭ বনাম সেন্ট লুসিয়া কিংস, ২০২৬

২. টোমাকানুতে রিতাওয়া — ৪৬ বছর ২৯৯ দিন — ৫/১৯ বনাম ফিজি, ২০২২

৩. ইমরান তাহির — ৪৬ বছর ১৪৮ দিন — ৫/২১ বনাম অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস, ২০২৫

৪. ইমরান তাহির — ৪৪ বছর ৩২৩ দিন — ৫/২৬ বনাম খুলনা টাইগার্স, ২০২৪

৫. প্রকাশ মিশ্র — ৪৪ বছর ১৬৫ দিন — ৫/১৬ বনাম ক্রোয়েশিয়া, ২০২৩

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।