CSK vs SRH: টানা তৃতীয় জয়ের লক্ষ্যে শনিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে রাজস্থানকে হারিয়ে আত্মবিশ্বাসী হায়দরাবাদ যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, তা বলাই বাহুল্য।

CSK vs SRH: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার, ধুন্ধুমার লড়াই। চেন্নাই সুপার কিংসের সামনে সানরাইজার্স হায়দরাবাদ (Chennai Super Kings vs Sunrisers Hyderabad)। তাদের লক্ষ্য হল, টানা তৃতীয় জয়। খেলা শুরু হবে হায়দরাবাদের মাঠে, সন্ধ্যা সাড়ে সাতটায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শেষ ম্যাচে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালসকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সানরাইজার্স। অন্যদিকে, চেন্নাইও পরপর দুটি ম্যাচ জিতে দারুণ ফর্মে রয়েছে। ফলে, একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

হ্যাটট্রিকের খোঁজে চেন্নাই

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ আর হেনরিখ ক্লাসেনকে নিয়ে গড়া হায়দরাবাদের ব্যাটিং লাইন-আপ যেকোনও বোলারের জন্য দুঃস্বপ্ন। নজর থাকবে পেসার প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেনের দিকেও। রাজস্থানের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই দুজনে চারটি করে উইকেট নেন। ঈশান মালিঙ্গা, হর্ষ দুবের পাশাপাশি নীতীশ কুমার রেড্ডির অলরাউন্ড দক্ষতা হায়দরাবাদকে আরও শক্তিশালী করে তুলেছে।

অন্যদিকে, দিল্লি এবং কলকাতাকে হারানোর পর চেন্নাই এই মুহূর্তে হ্যাটট্রিক জয়ের খোঁজে রয়েছে। দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে মহেন্দ্র সিং ধোনির পক্ষে এই ম্যাচে নামার সম্ভাবনা কম। তবে ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের রানের খরা দলের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সঞ্জু স্যামসন, ব্রেভিস এবং সরফরাজ খানের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে গোটা দল। 

চোট পাওয়া খলিল আহমেদের জায়গায় মুকেশ চৌধুরী সুযোগ পেতে পারেন। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে চেন্নাই অনেকটাই এগিয়ে। ২২টি ম্যাচের মধ্যে ১৫টিতেই জিতেছে তারা। অন্যদিকে, হায়দরাবাদ জিতেছে মাত্র ৭টি ম্যাচে।

আজ মাঠে নামছে আরসিবি-ও

আজ দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, বিকেল সাড়ে তিনটেয়। বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। এই ম্যাচ জিতলে তারা পাঞ্জাবকে টপকে শীর্ষে উঠে আসবে। অন্যদিকে, পরপর দুটি ম্যাচ হেরে দিল্লি এখন রয়েছে ছয় নম্বরে। চার ম্যাচে তাদের পয়েন্ট চার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।