Women's Asia Cup 2026: পুরুষদের মতোই মহিলাদের ক্রিকেটেও ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। কিন্তু শনিবার মহিলাদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের (India Women vs Pakistan Women) ম্যাচ পুরোপুরি একপেশে হল। শুরু থেকে শেষপর্যন্ত ভারতের আধিপত্য দেখা গেল। কোনওরকম লড়াই করতে পারল না পাকিস্তান।
KNOW
India Women vs Pakistan Women: পাকিস্তানকে সহজেই সাত উইকেটে উড়িয়ে চলতি মহিলাদের এশিয়া কাপ (Women's Asia Cup 2026) সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) পুরোপুরি একপেশে ম্যাচ হল। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা (Fatima Sana) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সারা ম্যাচে শুধু এই একবারই পাকিস্তান শিবিরের পক্ষে ইতিবাচক কিছু হয়। বাকি সারা সময় ভারতীয় দলের দাপট দেখা যায়। ১৮.১ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৮.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৭ রান তুলে জয় পায় ভারতীয় দল। গ্রুপে তিন ম্যাচেই জয় পেয়ে শীর্ষে থেকে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারত।
বোলারদের দাপটে জয় ভারতের
এদিন পাকিস্তানের ইনিংসের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার মুনিবা আলি (Muneeba Ali) ও শাওয়াল জুলফিকার (Shawaal Zulfiqar) দলের স্কোর ২৭ পর্যন্ত নিয়ে যান। মুনিবা ১৩ ও শাওয়াল ১৪ রান করেন। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ২৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। মুনিবাকে বোল্ড করে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন শেফালি ভার্মা (Shafali Verma)। এরপর শ্রী চরণী (Shree Charani), প্রেমা রাওয়াত (Prema Rawat) ও দীপ্তি শর্মা (Deepti Sharma) পাকিস্তানের ইনিংস শেষ করে দেন। শেফালি ১০ রান দিয়ে এক উইকেট নেন। শ্রী চরণী সাত রান দিয়ে তিন উইকেট নেন। প্রেমা নয় রান দিয়ে তিন উইকেট নেন। দীপ্তি পাঁচ রান দিয়ে জোড়া উইকেট নেন।
সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তান
গ্রুপ এ-তে দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে শেষ ম্যাচে হংকংয়ের (Hong Kong) বিরুদ্ধে জয় পেতেই হবে ফতিমাদের। এই ম্যাচে হেরে গেলে ছিটকে যেতে পারে পাকিস্তান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


