IPL 2026 Rules: এবারের আইপিএল চলাকালীন নতুন নিয়মের কথা জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। এবার থেকে সব ক্রিকেটার ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করতে পারবেন না। যাঁরা খেলবেন এবং যাঁরা পানীয় বা কোনও বার্তা নিয়ে মাঠে প্রবেশ করবেন, সেই ক্রিকেটারদের নাম আগেই জানিয়ে দিতে হবে। বাকি ক্রিকেটারদের ডাগআউটেই থাকতে হবে।

DID YOU
KNOW
?
আইপিএল-এ নতুন নিয়ম
আইপিএল-এ নতুন নিয়ম চালু করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ারদের জন্যও নিয়ম জারি করা হয়েছে।

IPL 2026 Rule Change: এবার থেকে আইপিএল ম্যাচ চলাকালীন কোনও দলের সব খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন না। আইপিএল-এর দলগুলিতে সাধারণত ২৫ জন করে ক্রিকেটার থাকেন। তাঁদের মধ্যে ১১ জন খেলেন এবং পাঁচজনের নাম ইমপ্যাক্ট সাব হিসেবে থাকে। এই ১৬ জনের বাইরে কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না। যাঁরা প্রথম একাদশে থাকবেন তাঁরা তো মাঠে প্রবেশ করতে পারবেন। পাঁচজন ইমপ্যাক্ট সাবের মধ্যে যে কেউ পানীয় বা দলের কোনও বার্তা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। দলের বাকি নয় জন ক্রিকেটারকে ডাগআউটে থাকতে হবে। তাঁরা পানীয় বা বার্তা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। এই ক্রিকেটাররা বাউন্ডারি লাইনের ধারে বা এলইডি বিজ্ঞাপনের বোর্ডের কাছেও যেতে পারবেন না। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সব দলের ম্যানেজারকে নতুন নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। 

বৈষম্য-বিরোধী চুক্তি

এবারের আইপিএল শুরু হওয়ার আগে বিসিসিআই-এর পক্ষ থেকে আরও এক নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নিয়মকে বলা হচ্ছে 'বৈষম্য-বিরোধী নিয়ম'। আইপিএল-এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তিন মাস পর্যন্ত ক্রিকেটার, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের এই নিয়ম মানতে হবে। কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে অন্তত চার ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে। গুরুতর নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সারা জীবনের জন্যও নির্বাসিত করা হতে পারে।

ডিআরএস-এরও নিয়ম বদল

ডিআরএস-এর ক্ষেত্রেও নিয়ম বদলের কথা জানিয়েছে বিসিসিআই। কোনও দল মাঠের আম্পায়ারের নির্দিষ্ট সিদ্ধান্তের বিরোধিতা করে ডিআরএস-এর আবেদন জানালে তৃতীয় আম্পায়ার শুধু সেই সিদ্ধান্তই খতিয়ে দেখবেন। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও দল যদি কট বিহাইন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে, তাহলে তৃতীয় আম্পায়ার শুধু সেই সিদ্ধান্তই পরীক্ষা করবেন। ওয়াইড বল হয়েছে কি না, সে বিষয়ে তিনি নজর দেবেন না। ওয়াইড হয়েছে কি না দেখার জন্য সংশ্লিষ্ট দলকে ফের আবেদন জানাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।