2026 ICC Men's T20 World Cup Final: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand)। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে।
KNOW
India vs New Zealand: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য একজোড়া বিশেষ ট্রেনের কথা ঘোষণা করল পশ্চিম রেল (Western Railway)। মুম্বই সেন্ট্রাল (Mumbai Central) ও আমেদাবাদ (Ahmedabad) স্টেশনের মধ্যে চলবে এই সুপারফাস্ট ট্রেন। রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। হাজার হাজার ক্রিকেটপ্রেমী এই ম্যাচ দেখতে যেতে মুখিয়ে আছেন। যাঁরা আমেদাবাদে এই ম্যাচ দেখতে যাবেন, তাঁদের সুবিধার জন্যই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। চাহিদা বেড়ে গেলে উড়ানের ভাড়া অস্বাভাবিক বেড়ে যায়। সে কথা মাথায় রেখেই বিশেষ ভাড়ার ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীদের সুবিধা হবে বলে বিশ্বাস পশ্চিম রেলের।
তেজস ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ট্রেন
পশ্চিম রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ০৯০২৭ ও ০৯০২৮ এসি সুপারফাস্ট তেজস স্পেশাল ট্রেন চালানো হবে। শনিবার রাত ১১টা বেজে ৪৫ মিনিটে মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে রবিবার সকাল সাড়ে আটটায় আমেদাবাদে পৌঁছবে। ফিরতি ট্রেন আমেদাবাদ থেকে ছাড়বে সোমবার ভোর তিনটেয় এবং মুম্বই সেন্ট্রাল স্টেশনে পৌঁছবে সকাল ১১টা বেজে ১৫ মিনিটে। এই ট্রেনে ফার্স্ট এসি, এসি টু টিয়ার ও এসি থ্রি টিয়ার কামরা থাকবে। এছাড়া ০৯০২১ ও ০৯০২২ ট্রেনও চালানো হবে। এই ট্রেন রবিবার সকাল ছ'টা বেজে ২০ মিনিটে মুম্বই সেন্ট্রাল থেকে ছেড়ে সেদিনই বেলা ১২টা বেজে ৪০ মিনিটে আমেদাবাদে পৌঁছবে। ফিরতি ট্রেন রবিবার বিকেল তিনটে বেজে ১০ মিনিটে আমেদাবাদ থেকে ছেড়ে সেদিনই রাত ন'টা বেজে ৪৫ মিনিটে মুম্বই সেন্ট্রাল পৌঁছবে।
বিশেষ ট্রেনের বুকিং শুরু
শনিবার রাতে যে বিশেষ ট্রেন যাত্রা শুরু করবে, তার জন্য শুক্রবারই বুকিং শুরু হয়েছে। রবিবারের বিশেষ ট্রেনের জন্য বুকিং শুরু হবে শনিবার। দুই ট্রেনেরই টিকিটের চাহিদা দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


