Ireland vs India: বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সিনিয়র দলের হয়ে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অভিষেক হবে কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছিল। তবে বৈভবকে এদিন খেলার সুযোগ দেওয়া হল না।
KNOW
Vaibhav Sooryavanshi News: বৃহস্পতিবারই ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) ইঙ্গিত দিয়েছিলেন, এখনই বৈভব সূর্যবংশীর অভিষেক হচ্ছে না। শুক্রবার বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) ভারত-আয়ারল্যান্ড (Ireland vs India) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল ঘোষণার পরেই জানা গেল, টিম ম্যানেজমেন্ট এদিন বৈভবকে খেলার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কিশোরকে কেন এই ম্যাচে খেলার সুযোগ দেওয়া হল না, সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ও (বৈভব) খেলছে না। ও এমন একজন খেলোয়াড় যে অত্যন্ত দক্ষ। ও ব্যতিক্রমী প্রতিভাবান ক্রিকেটার। ও নিজের জায়গায় সেরা পারফর্মার। কিন্তু আমাদের দলে দারুণ অভিজ্ঞতাসম্পন্ন অনেক খেলোয়াড় আছে। ওরা গত কয়েকটি সিরিজে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের যে ক্রিকেটাররা চমৎকার পারফরম্যান্স দেখিয়ে আসছে, আমরা তাদের পাশে আছি।’

রেকর্ড গড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে বৈভবকে
শেফালি ভার্মা (Shafali Verma) ও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়ে ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় বৈভব। ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে ১৫ বছর ২৩৯ দিন বয়সে প্রথম ম্যাচ খেলেন শেফালি। ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম ম্যাচ খেলেন সচিন। তিনি ১৯৮৯ সালে পাকিস্তান (Pakistan) সফরে প্রথমবার সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। ৩৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বৈভব।
কবে অভিষেক হবে বৈভবের?
বৈভবের কবে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হবে, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি শ্রেয়াস। তবে তিনি বলেছেন, 'যখন সময় আসবে, তখন ও সুযোগ পাবে।' এই সিরিজেই বৈভবকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


