Calcutta Football League 2026: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) নিয়ে উত্তেজনা-উদ্দীপনার মধ্যেই রবিবার শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগ ২০২৬। কলকাতা লিগের সফলতম দল ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের (East Bengal FC vs George Telegraph) বিরুদ্ধে সহজ জয় পেল।

DID YOU
KNOW
?
ব্যারেটোর হার
মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হোসে র‍্যামিরেজ ব্যারেটো এখন জর্জ টেলিগ্রাফের কোচ। তিনি ইস্টবেঙ্গলের কাছে হেরে গেলেন।

East Bengal FC vs George Telegraph: কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2026) উদ্বোধনী ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ৩-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। রবিবার নিজেদের ঘরের মাঠে অনায়াসে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। ২৬ মিনিটে প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন টি কে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান জোশেফ জাস্টিন। এরপর ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ বিলাল। এই গোল অবশ্য কার্যত উপহার। জর্জ টেলিগ্রাফের এক ডিফেন্ডার তাঁদের দলের গোলকিপারকে ব্যাক পাস দিতে গিয়ে এত আস্তে বল বাড়ান যে সেই বল গোলকিপারের নাগালে যাওয়ার আগেই বিলালের কাছে চলে যায়। ইস্টবেঙ্গলের এই ফুটবলার সহজেই জালে বল জড়িয়ে দেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইস্টবেঙ্গল মাঠে হার কোচ ব্যারেটোর

দু'দশক আগেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে ফুটবলার হিসেবে অনেক সাফল্য পেয়েছেন ব্রাজিলিয়ান (Brazilian) স্ট্রাইকার হোসে র‍্যামিরেজ ব্যারেটো। তবে তিনি কোনওদিন পেশাদার ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল মাঠে খেলেননি। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর এখন কোচিংয়ে ব্যারেটো। তিনি এবার জর্জ টেলিগ্রাফের কোচ। রবিবার ইস্টবেঙ্গল মাঠে কোচ হিসেবে হেরে গেলেন ব্যারেটো। তাঁর দল ইস্টবেঙ্গলের সামনে কোনওরকম বাধা হয়েই দাঁড়াতে পারল না। তিন গোলে জিতলেও, আরও গোল করতে পারত ইস্টবেঙ্গল। জর্জ টেলিগ্রাফের গোলকিপার সংগ্রামজিৎ চৌধুরী একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন।

জেসিনের অসাধারণ পারফরম্যান্স

গত কয়েক মরসুম ধরেই কলকাতা ফুটবল লিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন জেসিন। কেরলের এই ফুটবলার এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এবারের কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই তিনি গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেন। প্রথম গোলের ক্ষেত্রে বিষ্ণু পি ভি-র সঙ্গে ওয়ান-টু খেলে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন জেসিন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে সতীর্থ সুমন দে-কে থ্রু বাড়ান জেসিন। সুমনকে আটকাতে গিয়ে ফাউল করেন জর্জ টেলিগ্রাফের গোলকিপার। ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। এই পারফরম্যান্স বজায় রাখাই জেসিনের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।