FIFA World Cup 2026 News: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে থাকতেই বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি, রেফারিকে প্রবেশাধিকার না দেওয়া, দর্শকদের সুবিধা না দেওয়া-সহ নানা ধরনের ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু কোনও ক্ষেত্রেই হস্তক্ষেপ করছে না ফিফা। ফলে সমস্যা বাড়ছে।
KNOW
FIFA World Cup 2026 Updates: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) গণ পরিবহণের ভাড়া হঠাৎ বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়া ফুটবলপ্রেমীদের পাশে দাঁড়ালেন জার্মানির ফুটবলাররা। বিশ্বকাপ ফুটবল দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন বহু জার্মান ফুটবলপ্রেমী। তাঁদের মধ্যে ৬০০ জনকে বাসে নিউ ইয়র্ক (New York) থেকে নিউ জার্সিতে (New Jersey) নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে জার্মানির ফুটবল সংস্থা (German Football Association)। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিশ্বকাপ চলাকালীন নিউ ইয়র্কে বাস ও ট্রেনে ভ্রমণের খরচ অনেক বেড়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জার্মান জাতীয় দলের খেলোয়াড়রা ৬০০ দর্শককে বিনামূল্যে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ দেখতে যাওয়ার ব্যবস্থা করছে।’ প্রিয় ফুটবলারদের এই আচরণে জার্মান ফুটবলপ্রেমীরা মুগ্ধ। তাঁরা বিশ্বকাপে জাতীয় দলের সাফল্য কামনা করছেন।

অনেক গুন বাড়ানো হয়েছে ট্রেন-বাসের ভাড়া
২৫ জুন চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ ই-তে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের (Ecuador) বিরুদ্ধে খেলবে জার্মানি। সেই ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium)। নিউ ইয়র্ক থেকে ট্রেনে নিউ জার্সি যাওয়ার ভাড়া সাধারণত ১২.৯০ মার্কিন ডলার থাকে। কিন্তু বিশ্বকাপ উপলক্ষে এই ভাড়া বাড়িয়ে প্রথমে করা হয় ১৫০ মার্কিন ডলার। পরে তা কমিয়ে করা হয়েছে ৯৮ মার্কিন ডলার। এই রুটে শাটল বাসের টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছিল ৮০ মার্কিন ডলার। তারপর সেই ভাড়া কমিয়ে করা হয়েছে ২০ মার্কিন ডলার। নিউ জার্সির গভর্নর জানিয়েছেন, ফিফা ফুটবলপ্রেমীদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেনি। এই কারণেই ট্রেন ও বাসের ভাড়া বেড়ে গিয়েছে।
ফিফার ভূমিকায় প্রশ্ন
বিমানবন্দরে ফুটবলারকে জেরা করা, সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর না করা, রেফারিকে প্রবেশাধিকার না দেওয়ার মতো বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে কোনওরকম প্রশ্ন করছে না ফিফা। মার্কিন যুক্তরাষ্ট্রে গণ পরিবহণের ভাড়া অস্বাভাবিক বাড়িয়ে দেওয়া নিয়েও নীরব ফিফা। ফলে ক্ষোভপ্রকাশ করছেন বিশ্বকাপ দেখতে যাওয়া ফুটবলপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


