Canada vs South Africa: ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে শুরু হয়ে গেল চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এর লড়াই। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল অন্যতম আয়োজক দেশ কানাডা। দুই দলই বিশ্ব ফুটবলে খুব একটা শক্তিশালী দল নয়। এই ম্যাচে তার প্রমাণ পাওয়া গেল। ম্যাচ কোনও সময়েই বিশেষ উচ্চতায় পৌঁছতে পারল না।
KNOW
FIFA World Cup 2026 Updates: প্রথমবার বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ১৬-এর যোগ্যতা অর্জন করল এবারের অন্যতম আয়োজক দেশ কানাডা। ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার (Canada vs South Africa) বিরুদ্ধে জয় পেল কানাডা। ম্যাচের ফল ১-০। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে একমাত্র গোল করেন স্টিফেন ইয়ুস্তাকুইয়ো (Stephen Eustáquio)। এবারের বিশ্বকাপ ফুটবলের আগে বিশ্বকাপের কোনও সংস্করণে পয়েন্ট পায়নি কানাডা। এবার প্রথম পয়েন্ট পাওয়ার পর প্রথম ম্যাচ জিতে প্রথমবার নক-আউটের যোগ্যতা অর্জন করে তারা। এরপর প্রথমবার বিশ্বকাপ ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল কানাডা। দক্ষিণ আফ্রিকাও প্রথমবার বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু তারা নক-আউটে প্রথম রাউন্ডের বেশি এগোতে পারল না।

বিরক্তির ম্যাচে শেষমুহূর্তে গোল
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই অত্যন্ত উত্তেজক হয়েছে। কিন্তু রাউন্ড অফ ৩২-এর প্রথম ম্যাচ দর্শকদের আনন্দ দিতে পারল না। বেশিরভাগ সময়ই বিরক্তিকর ফুটবল দেখা গেল। কানাডার আক্রমণ বেশি থাকলেও, দক্ষিণ আফ্রিকার গোলকিপার ও ডিফেন্ডাররা কোনওরকম সেই আক্রমণ সামাল দিচ্ছিলেন। কানাডার ফুটবলারদের গাফিলতিও গোল না হওয়ার জন্য দায়ী। দক্ষিণ আফ্রিকা প্রতি-আক্রমণে উঠলেও, কানাডার বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন ফুটবলাররা। তাঁরা শট নেওয়ার ক্ষেত্রে, পাস দেওয়ার ক্ষেত্রে দেরি করছিলেন। ফলে নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছিলেন কানাডার ডিফেন্ডাররা। এভাবেই সারা ম্যাচ চলছিল। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট যোগ করেন রেফারি। এরপর সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন ইয়ুস্তাকুইয়ো।
কানাডা ফুটবলের উত্থান
প্রথমবার বিশ্বকাপ ফুটবল আয়োজন করার সুযোগ পেয়েছে কানাডা। নিজেদের দেশে খেলার সুযোগ পেয়ে চমক দিলেন কানাডার ফুটবলাররা। এই সাফল্য কানাডায় ফুটবলের জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে। এরপর এই দেশের ফুটবলের উন্নতি হবে বলে আশা তৈরি হয়েছে। কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে পারলে বিশ্বকাপ ফুটবলে নতুন ইতিহাস গড়বে আয়োজক দেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


