SAFF Women’s Championship 2026: পুরুষদের ফুটবল হোক বা মহিলা ফুটবল, বরাবরই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। বয়সভিত্তিক হোক বা সিনিয়র পর্যায়, সম্প্রতি ফুটবলে বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। শনিবার সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল ভারত।
KNOW
India vs Bangladesh Football: বাংলাদেশকে ৩-১ উড়িয়ে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ (SAFF Women’s Championship 2026) খেতাব জিতল ভারতীয় দল। শনিবার গোয়ার (Goa) মারগাওয়ে (Margao) বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেল ভারতীয় দল। এই নিয়ে ষষ্ঠবার মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল। ২০১৯ সালের পর প্রথম খেতাব এল। বাংলাদেশ দল পরপর দু'বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা টানা তৃতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল। তবে ভারতের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না বাংলাদেশ। ৪২ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন পেয়ারি জাজা (Pyari Xaxa)। প্রথমার্ধের সংযোজিত সময়ে বাংলাদেশের হয়ে ম্যাচের একমাত্র গোল করে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা (Ritu Porna Chakma)। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন স্যানফিদা নংরাম (Sanfida Nongrum)। এরপর ৮২ মিনিটে ভারতীয় দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন লিন্ডা কম (Lynda Kom)।

ধারাবাহিকতা দেখিয়ে চ্যাম্পিয়ন ভারত
এবারের সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এই টুর্নামেন্টে চার ম্যাচেই জয় পেয়ে খেতাব জিতলেন পেয়ারি, স্যানফিদারা। মোট ১৮ গোল করেছে ভারত। ফাইনালের আগে কোনও ম্যাচে গোল হজম করেনি ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র গোল হজম করলেও, চ্যাম্পিয়ন হতে কোনও সমস্যা হয়নি। সম্প্রতি যে কোনও পর্যায়েই ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা থাকে। শনিবারের ম্যাচেও উত্তেজনা ছিল। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামে বাংলাদেশ। অন্যদিকে, গত দু'বার খেতাব জিততে না পারায় এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া ছিল ভারতীয় দল। ভারতের মহিলা ফুটবলারদের এই জেদই সাফল্য এনে দিল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্যানফিদা
চার গোল করে এই টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা হলেন আবেকা সিং (Aveka Singh)। সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্যানফিদা। সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) পানথোই চানু এলাংবাম (Panthoi Chanu Elangbam)। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


