Women's Junior Asia Cup 2026: সম্প্রতি যে কোনও পর্যায়ের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ভারতীয় দলের দাপট দেখা যাচ্ছে। তবে বৃহস্পতিবার মহিলাদের জুনিয়র এশিয়া কাপে ভারতীয় হকি দল যে পারফরম্যান্স দেখাল, তা অভাবনীয়। এই জয়ে সারা দেশের ক্রীড়ামহল উচ্ছ্বসিত।

DID YOU
KNOW
?
হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত
২০২৩ ও ২০২৪ সালে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার হ্যাটট্রিক করাই ভারতের লক্ষ্য।

India vs Pakistan Hockey: ফের হকিতে পাকিস্তান-বধ ভারতের। একপেশে ম্যাচে পাকিস্তানকে ১৯-০ উড়িয়ে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ (Women's Junior Asia Cup 2026) সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার এই ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত পাকিস্তানের উপর চাপ বজায় রেখে জয় পেল ভারতীয় দল। ১৯ গোল করার পাশাপাশি ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে ভারত। অন্যদিকে, পাকিস্তান সারা ম্যাচে একবারও গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। একবারও পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি পাকিস্তান। নিরঙ্কুশ দাপট দেখিয়ে জয় পেল ভারতীয় দল।

পাকিস্তানকে দুরমুশ করল ভারত

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে ভারত। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই দু'টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারতীয় দল। একটি গোল রেফারেলের মাধ্যমে বাতিল হওয়ার পর সাত মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন পূজা সাহু। দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান রোশনী আইন্দ। এরপর গোলের বন্যা বইয়ে দেয় ভারত। তনুশ্রী কাদু তৃতীয় গোল করেন। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৪-০ করেন সুখবীর কউর। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই সানিকা মানে ভারতকে ৫-০ এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের আক্রমণের ঢেউ অব্যাহত থাকে। মধু সিদার ও গীতা যাদব আরও দু'টি গোল করেন। এরপর সানিকা নিজের দ্বিতীয় গোল করেন। তনুজা টোপ্পো এবং পূজা মালিকও গোল করেন। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভারত ১০-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পরও পাকিস্তানকে স্বস্তি দেয়নি ভারত। তৃতীয় কোয়ার্টারে পূর্ণিমা যাদব, মধু এবং সুপ্রিয়া আরও তিনটি গোল করেন। ফলে শেষ কোয়ার্টারে যাওয়ার আগেই পাকিস্তানের সামনে পাহাড়প্রমাণ ১৩ গোলের ব্যবধান তৈরি হয়ে যায়। শেষ কোয়ার্টারেও ভারতের গোলের খিদে কমেনি। কৃষ্ণা শর্মা গোল করে ব্যবধান বাড়ান। এরপর পূজা হ্যাটট্রিক পূর্ণ করেন। সুপ্রিয়া নিজের দ্বিতীয় গোল করেন। এরপর বিনিমা ধন এবং রোশনী আরও দু'টি গোল করেন। ম্যাচের ৬০-তম মিনিটে রোশনী ভারতের হয়ে ১৯-তম গোল করেন।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের ফলে সেমি-ফাইনালে জায়গা নিল ভারত। শনিবার সেমি-ফাইনালে কোরিয়া বনাম মালয়েশিয়ার কোয়ার্টার-ফাইনাল ম্যাচে বিজয়ী দলের মুখোমুখি হবে ভারত। জুনিয়র এশিয়া কাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।