FIH Youth Hockey5s Asian Championship: গত কয়েক বছরে হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট দেখা গিয়েছে। এবার এফআইএইচ ইয়ুথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে পরপর সাফল্য ভারতীয় হকি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।
KNOW
Hockey India: এফআইএইচ ইয়ুথ হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ (FIH Youth Hockey5s Asian Championship) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারতের (India vs Pakistan) সাব-জুনিয়র পুরুষ দল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এফআইএইচ ইয়ুথ হকি ফাইভস বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে গোল করেন রোমিত পাল (৫ মিনিট), অধিনায়ক কেতন কুশওয়াহা (১২ মিনিট) এবং শাহরুখ আলি (১৩ মিনিট)। পাকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন মহম্মদ উসমান (১৬ মিনিট)। এই জয়ের ফলে ভারত এলিট পুলের পয়েন্ট তালিকাতেও শীর্ষস্থান অর্জন করে।
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়
ফাইনালে পাকিস্তানের শুরু থেকেই ভারত দারুণ ছন্দে ছিল। দ্রুত পাসিং, বলের দখল এবং শৃঙ্খলাবদ্ধ পজিশনিংয়ের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন কেতনরা। সেই চাপেরই ফল আসে পঞ্চম মিনিটে, যখন রোমিত গোল করে ভারতকে এগিয়ে দেন। প্রথমার্ধে ভারতের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে বারবার ব্যর্থ হয় পাকিস্তান। ফলে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। ১২-তম মিনিটে কেতন কুশওয়াহা ব্যবধান বাড়ান। ঠিক এক মিনিট পর শাহরুখ আরও একটি গোল করে ভারতকে ৩-০ এগিয়ে দেন এবং পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। ১৬-তম মিনিটে উসমান একটি গোল শোধ করলেও ভারতের রক্ষণভাগ শেষপর্যন্ত দুর্দান্তভাবে নিজেদের সামলে রাখে।
মহিলাদের বিভাগেও পদক
এই প্রতিযোগিতায় মেয়েদের বিভাগেও পদক জিতেছে ভারত। সাব-জুনিয়র মহিলা দল ফাইনালে চিনের কাছে লড়াই করে হেরে রুপো পেয়েছে। ফলে টুর্নামেন্টে ভারতের দুই দলই পোডিয়ামে নিজেদের জায়গা নিশ্চিত করে। টুর্নামেন্ট শেষে দুই দলকেই আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। সোনা জয়ী পুরুষ দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন দুই লক্ষ টাকা করে। দলের সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্য পাবেন এক লক্ষ টাকা করে। রুপো জয়ী মহিলা দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন এক লক্ষ টাকা করে। মহিলা দলের সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্য পাবেন ৫০ হাজার টাকা করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


