Mirabai Chanu: অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু চিনের নিংবোতে ২০২৬ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। এর মাধ্যমেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব শুরু হচ্ছে।
Mirabai Chanu: ২০২৬ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু ২০২৬ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন (Mirabai Chanu)। চিনের নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ২৭ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই টুর্নামেন্ট দেখতে পারবেন। অলিম্পিকস ডট কম (Olympics.com) অনুযায়ী, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য মোট ১০টি ইভেন্ট রয়েছে। নিংবোর এই প্রতিযোগিতাটি হলো তার প্রথম ধাপ। অলিম্পিক কোয়ালিফিকেশন র্যাঙ্কিংয়ে (OQR) টিকে থাকতে হলে, ভারোত্তোলকদের প্রথম যোগ্যতা অর্জন পর্বে তিনটি এবং দ্বিতীয় পর্বে দুটি মোট ফলাফল (স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক) নথিভুক্ত করতে হবে।
এই সবকটি ফলাফল একই ওজনের ক্যাটাগরিতে হতে হবে। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রথম পর্বের সেরা তিনটি এবং দ্বিতীয় পর্বের সেরা দুটি ফলাফল ধরা হবে। প্রতি এক কিলোগ্রাম ওজন তোলার জন্য এক পয়েন্ট করে মিলবে। যোগ্যতা অর্জন পর্ব শেষে, প্রতিটি ওজনের ক্যাটাগরিতে র্যাঙ্কিংয়ের প্রথম আটজন ভারোত্তোলক ২০২৮ সালের অলিম্পিকের টিকিট পাবেন। নিংবোতে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০০ জনেরও বেশি অ্যাথলিট অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মীরাবাঈ চানুর নতুন ক্যাটাগরি
৩২ বছর বয়সী মীরাবাঈ চানু এবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে লড়বেন। ২০২৮ সালের অলিম্পিকে মহিলাদের ভারোত্তোলনে যে ছ'টি বিভাগ রাখা হয়েছে, এটি তার মধ্যে একটি। টোকিও ২০২০ অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাঈ। প্যারিস ২০২৪ অলিম্পিকেও তিনি ওই একই বিভাগে নেমেছিলেন। কিন্তু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে ৪৯ কেজি বিভাগটি বাদ দেওয়ায়, মীরাবাঈকে বাধ্য হয়েই ৫৩ কেজি বিভাগে উঠে আসতে হয়েছে।
ভারতীয় দল একনজরে
২০২৬ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল: মহিলা: মীরাবাঈ চানু (৫৩ কেজি), জ্ঞানেশ্বরী যাদব (৫৩ কেজি), ঊষা (৬১ কেজি), নিরুপমা দেবী সেরাম (৬১ কেজি)। পুরুষ: লাভপ্রীত সিং (+১১০ কেজি)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


