West Bengal State Fin Swimming Championship: কোচবিহারের তুফানগঞ্জে অনুষ্ঠিত হল রাজ্য ফিন স্যুইমিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা ঘিরে তুফানগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, তুফানগঞ্জকে উত্তরবঙ্গের স্পোর্টস হাব হিসেবে তৈরি করা হচ্ছে।

DID YOU
KNOW
?
তুফানগঞ্জে সুইমিং পুল
মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, সুইমিং পুল-সহ ক্রীড়া পরিকাঠামোর মাধ্যমে তুফানগঞ্জকে উত্তরবঙ্গের স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলা হবে।

Fin Swimming Championship: তিনদিনের টানটান লড়াই শেষে পর্দা নামল ষষ্ঠ রাজ্য ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপের। কোচবিহারের তুফানগঞ্জ সুইমিং পুলে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলা ভিত্তিক পদক তালিকায় সেরার শিরোপা ছিনিয়ে নিল উত্তর ২৪ পরগনা। অন্যদিকে ব্যক্তিগত বিভাগে নজরকাড়া পারফরম্যান্স করে সেরা প্রতিযোগীর মর্যাদা পেলেন কলকাতার সৌভিক দাস ও আহেলি দাস। ব্যক্তিগত বিভাগে ২০ পয়েন্ট সংগ্রহ করে চারটি করে সোনা জিতেছেন সৌভিক ও আহেলি। পুরুষদের বিভাগে সৌভিক ৫০ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার সারফেস এবং ৫০ মিটার অ্যাপনিয়া বিভাগে সোনা জেতেন। মহিলাদের বিভাগে আহেলির দখলে আসে ৫০ মিটার ও ১০০ মিটার সারফেস, ৫০ মিটার বাইফিন এবং ৫০ মিটার অ্যাপনিয়া বিভাগের সোনা।

চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা

জেলাভিত্তিক ফলাফলে ২৭৩ পয়েন্ট নিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। ৮৫টি পদক নিয়ে তাদের ঝুলিতে রয়েছে ৩২টি সোনা, ৩০টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ। ১৪৭ পয়েন্ট নিয়ে রানার্স হয়েছে হাওড়া। ৪৯টি পদকের মধ্যে হাওড়ার দখলে রয়েছে ১৫টি সোনা, ১৯টি রুপো ও ১৫টি ব্রোঞ্জ। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ৩২টি পদক জয় করেছে তারা। যার মধ্যে রয়েছে ১৫টি সোনা, ১০টি রুপো ও ৭টি ব্রোঞ্জ। আয়োজক জেলা কোচবিহারও নিজেদের মাটিতে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছে। ৭০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেছে তারা। মোট ২২টি পদকের মধ্যে কোচবিহারের ঝুলিতে রয়েছে ৯টি সোনা, ৬টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ। তবে এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ কোনও পদক জিততে পারেনি।

জাতীয় প্রতিযোগিতার প্রস্তুতি

রাজ্য সাঁতার সংস্থার সম্পাদক কঙ্কন পানিগ্রাহী জানিয়েছেন, প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সরাসরি সুযোগ পাবেন। ফলে রাজ্য পর্যায়ের এই সাফল্যের পর এবার জাতীয় মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের অপেক্ষায় বাংলার সেরা ফিন সুইমাররা। প্রসঙ্গত, কোচবিহারের তুফানগঞ্জ সুইমিং পুলে তিন দিন ধরে আয়োজিত ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের ১৫টি জেলা থেকে মোট ৪১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে দুর্দান্ত লড়াইয়ের পাশাপাশি উঠে এসেছে একাধিক নতুন প্রতিভা, যা আগামী দিনে বাংলার ফিনসুইমিংকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।