Sports News: উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছেলে-মেয়েরা বরাবরই খেলায় উৎসাহী। তবে পরিকাঠামোর অভাবে বেশিরভাগ ছেলে-মেয়ের পক্ষেই বেশিদূর এগিয়ে যাওয়া সম্ভব হয় না। এবার এই সমস্যা মেটানোর লক্ষ্যে উপযুক্ত পরিকাঠামো তৈরির উদ্যোগ নিলেন মন্ত্রী মালতী রাভা রায় (Malati Rava Roy)। তিনি কোচবিহারের তুফানগঞ্জে এক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করলেন।
KNOW
Tufanganj News: উত্তরবঙ্গের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। পালাবদলের পরে নতুন সরকারের হাত ধরে কোচবিহার জেলার তুফানগঞ্জ হতে চলেছে উত্তরবঙ্গের স্পোর্টস হাব। যার রোড ম্যাপ ইতিমধ্যেই তৈরি বলে জানিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় (Malati Rava Roy)। তুফানগঞ্জ স্যুইমিং পুলে আয়োজিত ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মন্ত্রী। শুধু সুইমিং বা ফিন সুইমিং নয়, আগামীদিনে বিভিন্ন অলিম্পিক গেমসের জন্য অ্যাকাডেমি এবং কোচেস ট্রেনিং সেন্টার তুফানগঞ্জে গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি।
তুফানগঞ্জে সাঁতারের বড় প্রতিযোগিতা
চলতি রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে বয়সের ভিত্তিতে বাইফিন, সারফেস এবং আপনিয়া, এই তিন ক্যাটাগরিতে রাজ্যের ১৫টি জেলা থেকে প্রায় ৪০০ জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। আগামী মাসে পুণেতে আয়োজিত হতে চলেছে ফিনসুইমিংয়ের জাতীয় চ্যাম্পিয়নশিপ। তাই বাংলা দল গঠনের জন্য চলতি রাজ্য চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করেছে নির্বাচকরা। এই চ্যাম্পিয়নশিপ চলবে রবিবার পর্যন্ত। রাজ্য ফিনসুইমিংয়ের সম্পাদক কঙ্কন পানিগ্রাহী জানিয়েছেন, আগামীদিনে খেলাধুলা শুধু কলকাতা কেন্দ্রিক নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং প্যারালিম্পিয়ান মায়া বর্মন।
উত্তরবঙ্গে খেলার উন্নতির উদ্যোগ
শিলিগুড়ি একসময় টেবল টেনিসের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। মান্তু ঘোষ-সহ অনেক টেবল টেনিস খেলোয়াড়ই রাজ্য ও জাতীয় পর্যায়ে সাফল্য পেয়েছেন। উত্তরবঙ্গ থেকেই উঠে এসেছেন স্বপ্না বর্মন। জলপাইগুড়ির এই অ্যাথলিট আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য পেয়েছেন। এবার উত্তরবঙ্গের অন্য জেলাগুলি থেকেও ক্রীড়াবিদদের তুলে আনার লক্ষ্যে উদ্যোগ নিলেন মন্ত্রী। তুফানগঞ্জে এই স্যুইমিং কমপ্লেক্স তৈরি করা সেই উদ্যোগেরই অংশ। এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করে উঠতি ক্রীড়াবিদরা বড় প্রতিযোগিতার জন্য তৈরি হবেন বলে আশা করছেন মন্ত্রী। তিনি ক্রীড়াবিদদের পাশে থাকার কথা জানিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


