
পুজোর আগেও ঢুকল না অন্নপূর্ণার টাকা! চরম হতাশায় মহিলারা
Annapurna Yojana Agitation | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এখনও না পাওয়ায় চাঁচল ১ ব্লক অফিসে শতাধিক মহিলার ভিড়। কেউ একবার টাকা পেয়েছেন, কেউ পেয়েছেন দুইবার, কিন্তু এবার টাকা না ঢোকায় দুর্গাপুজোর আগে চরম দুশ্চিন্তায় উপভোক্তারা। সোমবার হাতে প্রয়োজনীয় নথি নিয়ে চাঁচল ১ ব্লক অফিসে হাজির হন বহু মহিলা। টাকা কেন ঢুকছে না, কবে টাকা পাওয়া যাবে এবং কীভাবে সমস্যার সমাধান হবে, তা জানতে যাচাই কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ান তাঁরা। অনেকের অভিযোগ, তাঁরা যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। সামনেই দুর্গাপুজো। উৎসবের আগে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেলে পরিবারের আর্থিক সমস্যায় কিছুটা সুরাহা হত বলে জানিয়েছেন অনেক মহিলা। কিন্তু টাকা কবে মিলবে, তা নিয়ে এখনও স্পষ্ট উত্তর না পাওয়ায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।