Durga puja Bonus: উৎসবের মরশুম শুরুর আগেই চা বাগানের শ্রমিকদের মুখে ফুটল হাসি। বিজেপি সরকারের প্রতিশ্রুতি মতো চা বাগানের কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকল বোনাসের টাকা। কত টাকা করে পেলেন চা শ্রমিকরা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Durga puja Bonus: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েক দিন মাত্র বাকি। তার আগেই মুখে হাসি ফুটল চা শ্রমিকদের। জানা গিয়েছে, নতুন রাজ্য সরকারের নির্দেশিকা মেনে দুর্গা পূজার আগেই মুখে হাসি ফুটল ডুয়ার্সের চা শ্রমিকদের। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বিভিন্ন বন্ধ চা বাগান খোলা থেকে শুরু করে চা শ্রমিকদের সমস্যার কথা নিয়ে বারবার সড়ক হয়েছেন উত্তরের চা বলয় সঙ্গে যুক্ত বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী সাংসদেরা।
কত শতাংশ হারে বোনাস পেলেন চা শ্রমিকরা?
সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার একটি অ্যাডভাইজারি বা পরামর্শ জারি করা হয়েছিল। তারপর থেকেই বোনাস নিয়ে চা বলয়ে জোর চর্চা শুরু হয়। এই আবহেই শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ২০ শতাংশ বোনাস দিয়ে শিরোনামে চলে এল ডুয়ার্সের ওয়াশাবাড়ী চা বাগান।
পূজার ঠিক মুখে মুখে বোনাসের টাকা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শ্রমিক মহল। ওয়াশাবাড়ী চা বাগান কর্তৃপক্ষের এই সময়োচিত পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা। শ্রমিকদের বোনাসের সম্পূর্ণ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। চা শ্রমিকদের বক্তব্য, বছরভর হাড়ভাঙা খাটুনির পর এই বোনাসের টাকা তাদের কাছে এক বড় পাওনা। প্রতি বছরই পূজার বোনাস নিয়ে শ্রমিকদের মনে একটা বড় আশা ও আবেগ থাকে।
এই টাকা দিয়েই চলে পূজার কেনাকাটা, ছেলেমেয়েদের জন্য নতুন পোশাক কেনা এবং পরিবারের সবাইকে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া। ওয়াশাবাড়ী চা বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল জানান, রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে প্রায় ১৮০০ জন চা শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ শতাংশ হারে বোনাসের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।
বোনাসের টাকা পেয়ে দারুণ খুশি চা শ্রমিক অর্জুন লোহার। তিনি বলেন, "আজ আমরা ভীষণ আনন্দিত। আমাদের বোনাসের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার করা হয়েছে। এই টাকা দিয়ে এবার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোভাবে দুর্গাপূজা কাটবে।"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


