Kakoli Ghosh Dostodar: প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বর্তমানে এনসিপিআই-তে যোগ দেওয়া কাকলি। কাকলির নিশানায় ছিলেন অভিষেকও।
তৃণমূল কংগ্রেসের ছেড়েছেন তাও কয়েক মাস হয়ে গেল। এই প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বর্তমানে এনসিপিআই-তে যোগ দেওয়া কাকলি। নিজের কোচিং সেন্টারের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কাকলি। তৃণমূলের 'খেলা হবে' স্লোগান থেকে শুরু করে দলনেত্রী- কিছুই বাদ দিলেন না কাকলি।
কাকলির নিশানায় 'খেলা হবে'
কাকলি বলেন, খেলা হবে স্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস। স্লোগান প্রথম দিয়েছিলেন মমতা। 'কিন্তু গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা শেষ করে দিয়েছে।'
কাকলির নিশানায় মমতা
দলবদলের পর প্রকাশ্য সমাবেশেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কাকলি। তিনি বলেন, 'গত ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন। কিন্তু তাঁর এখন অধঃপতন হয়েছে। গত পাঁচ-সাত বছর ধরে ওঁর ব্যবহারে আমি মর্মাহত।'
কাকলির নিশানায় অভিষেক
শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায় নন, কাকলির নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সম্প্রতি অভিষেক দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কাকলি বলেন, তিনি বাংলার মানুষের রায় মাথা পেতে নিয়েছেন। আর সেই কারণেই দলত্যাগ করেছেন। তৃণমূলে আর কোনও দিনই কাকলি ফিরবেন না বলেও স্পষ্ট করে দেন। কাকলি আরও বলেন,'লোকসভার স্পিকারের নির্দেশ অনুসারে নোটিসের জবাব যুক্তি-সহ যথাসময়ে দেবো।'
পাচার নিয়ে কড়া প্রতিক্রিয়া কাকলির
কাকলি অভিষেককে আক্রমণ করার পরেই বলেন, 'এর আগে এই রাজ্য বালি, সোনা, কয়লা পাচার দেখেনি। সেই কারণেই দলে ধস নেমেছে। উনি সেই ধসের চূড়ায় বসে আছেন।' তাঁর কথায় মমতার জমানাই ছিল দুর্নীতির আঁতুড় ঘর।
বিধানসভা ভোটের পরেই কাকলি ঘোষ দস্তিদার দল বদল করেন। তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন। নতুন দল এনসিপিআই-তে যোগ দেন কাকলিরা। যদিও এই দলকে এখনও মান্যতা দেয়নি আদালত। যদিও স্পিকার তাদের আদালা বসার ব্যবস্থা করেছে। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।


