High Court Order: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করেই ভাটপাড়ায় ভাঙা হল বেআইনি নির্মাণ! ক্ষুব্ধ বিচারপতি রাজা বসুচৌধুরী দিলেন কড়া নির্দেশ, তদন্তভার এসডিও-র হাতে। জানুন বিস্তারিত।

রাজ্যে আইনের শাসন বজায় রাখতে হবে, আদালতের উপর জনগণের বিশ্বাস যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে— উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বেআইনি নির্মাণ ভাঙার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার এই বার্তা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চ।

ভাটপাড়া পুরসভায় বেআইনি নির্মাণ ভাঙার পদক্ষেপ স্থগিত রাখতে গত ২২ জুলাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ইমেল মারফত সেই নির্দেশ জানানো হয়েছিল ভাটপাড়া পুরসভার প্রশাসককে। কিন্তু তার পরেও নির্মাণ ভাঙা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের জেরে দায়ের হওয়া মামলাতেই বৃহস্পতিবার পুরসভার প্রশাসক এবং ভাটপাড়া থানার ওসি বিচারপতি বসুচৌধুরীর এজলাসে হাজিরা দেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, হাইকোর্টের নির্দেশ এবং নির্মাণ ভাঙা নিয়ে দু’জনের বক্তব্যে দেখা যায় পরস্পরবিরোধিতা।

পুর-প্রশাসকের যুক্তি, তিনি নির্দেশের ইমেল দেখেননি, কারণ তিনি সে সময় অন্য কাজে ব্যস্ত ছিলেন। যদিও অভিযোগ রয়েছে, সে দিন দুপুর ২টো ৭ মিনিটে নির্দেশ জানার পরও নির্মাণ ভাঙা হয়েছে— যা পুলিশও কার্যত মেনে নিয়েছে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি বসুচৌধুরী।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ব্যারাকপুরের এসডিও-কে ঘটনাস্থল পরিদর্শন করে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি মামলাকারীদের নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ভাটপাড়া থানার ওসি-কে নির্মাণ ভাঙার এলাকায় নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া ভাটপাড়ার পুর-প্রশাসককে নতুন করে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত নির্মাণ ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জুলাই।