সুরুচি সংঘে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান ওঠায় ঘটনাটি আরও চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। 

নিউ আলিপুর সুরুচি সংঘ-এর সচিব স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সেই ক্লাবেই রীতিমত তাণ্ডব চালালো একদল লোক। বিকেলে দক্ষিণ কলকাতার আলিপুর, যা একটা সময় ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের খাস তালুক, সেখানেই তাঁর ভাইয়ের বিরুদ্ধে 'চোর চোর' স্লোগান ওঠে। সুরুচি সংঘের হোর্ডিং, পোস্টার- এগুলিও ছিঁড়ে ফেলা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলকাতার বারোয়ারি দুর্গাপুজো যে ক্লাবগুলি করে সেগুলির মধ্যে অন্যতম হল সুরুচি সংঘ। ক্লাবের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই ক্লাবের পুজো অরূপ বিশ্বাসের পুজো হিসেবেও পরিচিত। স্বরূপ বিশ্বাস ছিলেন এই ক্লাবের সচিব। ক্লাবের অন্যতম উদ্যোক্তা গ্রেফতারের পরই তাঁর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখায় একদল মানুষ। বিক্ষোভে সামিল ছিলেন এলাকার মানুষও। তারাই ক্লাবের কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন।

বিলেই সুরুচি সংঘরের ক্লাবে ঢুকে যায় একদল যুবক। চারাই চোর চোর স্লোগান দেয়। ক্লাবের ঘরের জিনিসপত্র ঘাঁটাঘাটি করে। ক্লাবের কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তারা। ক্লাবের ভিতর থেকে উদ্ধার হয় নতুন শাড়ি। একটি মিক্সিও ছিল ক্লাবে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা খতিয়ে দেখেনি এশিয়ানেট নিউজ বাংলা। তাণ্ডবের সময় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। হামলাকারীদের অভিযোগ ক্লাবে অশালীন ও অবৈধ কার্যকলাপ চলত।

বৃহস্পতিবার গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ ছিল। অভিযোগ দায়ের করেছিলেন টালিগঞ্জের একজন মেকআপ আর্টিস্ট। স্বরূপ গ্রেফতার হওয়ার পরই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো আর গা-জোয়ারির অভিযোগ করেছে টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাধিক মানুষ। টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতিও ছিলেন স্বরূপ। দীর্ঘ দিন ধরেই তাঁর বিরুদ্ধে সরব ছিল কলাকুশলীদের একাংশ। কর্মচারীরাও ক্ষুব্ধ ছিলেন। রাজ্যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরই স্বরূপের ফেডারেশনের অস্তিত্ত্ব মুছে গেছে। প্রাক্তন মন্ত্রী তথা টালিগঞ্জের প্রাক্তন বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ দেব-ও। বৃহস্পতিবার স্বরূপকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর দিকে ডিম ছুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভাঙচুর করা হয় স্বরূপের গাড়ি। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করানো হয়।