Vidyasagar Setu Closure: সংস্কারের কাজের জন্য গত কয়েক মাসে বারবার রবিবার বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু। রবিবার সকালে ফের চার ঘণ্টার জন্য হাওড়া ও কলকাতার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখা হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে যাঁদের হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করতে হবে, তাঁদের বিকল্প পথে যেতে হবে।

DID YOU
KNOW
?
বিদ্যাসাগর সেতু সংস্কার
বেশ কিছুদিন ধরেই বিদ্যাসাগর সেতুর সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই কারণেই বন্ধ রাখা হচ্ছে সেতু।

Vidyasagar Setu Closed: রবিবার ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। তবে অন্য রবিবারগুলির মতো সকাল থেকে রাত পর্যন্ত হাওড়া ও কলকাতার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখা হচ্ছে না। সকাল ছ'টা থেকে সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকছে সেতু। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সেতুর সংস্কার, রক্ষণাবেক্ষণ ও কেবল প্রতিস্থাপনের কাজ চলছে। সেই কাজ এখনও শেষ হয়নি। এই কারণেই রবিবার ফের বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। ছুটির দিন হলেও, জরুরি প্রয়োজনে অনেকেই রবিবার সকালেও কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াত করেন। কলকাতা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলা এবং ভিনরাজ্যে যাতায়াতের অন্যতম পথ এই সেতু। এই কারণে চার ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে অনেকেই সমস্যায় পড়তে পারেন।

যেতে হবে বিকল্প পথে

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ছ'টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে কোনও যান চলাচল করতে দেওয়া হবে না। ফলে যাঁরা কলকাতা ও হাওড়া শহরাঞ্চলের মধ্যে যাতায়াত করতে চাইবেন, তাঁরা হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারেন। যাঁরা হাওড়ার গ্রামাঞ্চল থেকে কলকাতা, দমদম, সল্টলেকের দিকে যেতে চান, তাঁরা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারেন।

যানজট আটকাতে তৎপর পুলিশ

রবিবার সকালে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে হাওড়া ব্রিজে যানজটের আশঙ্কা রয়েছে। সাঁতরাগাছি-সহ কোনা এক্সপ্রেসওয়েতেও যানজট হতে পারে। সাঁতরাগাছি স্টেশনের কাছে এলিভেটেড করিডরের কাজ চলছে। ফলে এমনিতেই সেখানে প্রতিদিন যানজট হচ্ছে। রবিবার সকালে কয়েক ঘণ্টার জন্য যানজট বাড়তে পারে। কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশ যানজট রোখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। সকাল থেকে রাস্তায় থাকবেন পুলিশকর্মীরা। বিদ্যাসাগর সেতুতে ফের যান চলাচল শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।