উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। গত দু'দিন ধরে দিনভর চলেছে বৃষ্টি।

বর্ষার শেষ পর্বে ঝোড়ো ব্যাটিং বৃষ্টির। গত কয়েকদিন ধরেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আকাশভাঙা বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আগামী ৩-৪ দিন আবহাওয়ায় কোনও পরিবর্তন হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এরফলেই উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। গত দু'দিন ধরে দিনভর চলেছে বৃষ্টি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শুক্রবার ভোরের দিকে বৃষ্টি না থাকলেও, মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। কলকাতাতেও দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বৃষ্টির প্রভাবে কমের দিকে রাজ্যের তাপমাত্রাও। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য গত বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিমি।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু'একটি জায়গায়। এই তিন জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গতকাল ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। অন্যদিকে বুধবার থেকেই পাহাড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।