West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জেলায় অপরাধীদের দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে মালদা জেলার বিভিন্ন জায়গায় অপরাধীদের দৌরাত্ম্য অব্যাহত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলছেন সাধারণ মানুষ।
KNOW
West Bengal Police: মালদায় প্রকাশ্য দিবালোকে এক মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ধাবায় ভাঙচুর চালানোর অভিযোগ। মারধর করা হয়েছে সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিদেরও। মালদার ইংলিশবাজার থানার ব্যাসপুর অঞ্চলের ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা ও তাঁর পরিবার। জানা গিয়েছে, ব্যাসপুর অঞ্চলের বাসিন্দা বন্দনার স্বামী সঞ্জয় সাহা প্রায় দু’বছর আগে মারা যান। এরপর তিন ছোট ছেলেকে নিয়ে মালদা-কালিয়াচক রাজ্য সড়কের ধারে স্বামীর প্রতিষ্ঠিত ধাবার ব্যবসা সামলাচ্ছেন তিনি। অভিযোগ,এদিন হঠাৎই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ধাবায় এসে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে বন্দনাকে মারধর করা হয়। ধাবায় খেতে আসা একাধিক গাড়ির চালককেও নিগ্রহের শিকার হতে হয়।

তদন্ত শুরু পুলিশের
এই ঘটনার সময় উপস্থিত এক গাড়ি চালক তাঁর মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে কয়েকজন যুবক ধাবার মধ্যে তাণ্ডব চালাচ্ছে। বন্দনার দাবি, অভিযুক্তদের মধ্যে ছোটন ঘোষ নামে এক যুবককে তিনি শনাক্ত করতে পেরেছেন। ইতিমধ্যেই ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামীহারা বন্দনা জানিয়েছেন, অভিযুক্তরা মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় এসে ধাবায় অশান্তি সৃষ্টি করে। ফলে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা ব্যবসায়ী।
প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগ
অন্যদিকে, ইংলিশবাজার থানার নুনবহি অঞ্চলে প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবাধে মদ বিক্রি চলছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পর পুলিশ রাতে এলেও, সকাল থেকেই ফের তিনজন স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে মদ বিক্রি শুরু করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


