Mamata Banerjee: 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার ডাক দিলেন মমতা। তিনি জানিয়েছনে, “আগামীদিনে ‘ইন্ডিয়া' জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। তবে আমি কাল আসতে বলেছি ওকে। একে একে সকলেই আসবেন। আমরা এই জোটকে আরও শক্তিশালী করব।"
Mamata Banerjee: রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর, বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার ডাক দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে তৃণমূলের ভরাডুবি (mamata banerjee news)। রাজ্য বিধানসভা নির্বাচনে হারের পর মঙ্গলবার, কালীঘাটে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তিনি নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও ১৫,১০৫ ভোটে হেরেছেন (West Bengal Election Result 2026)।
'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার ডাক দিলেন মমতা
তিনি বলছেন, “নির্বাচন কমিশন আসলে পক্ষপাতদুষ্ট। কোনও বিচারব্যবস্থা নেই। আসলে কেন্দ্রীয় সরকার একদলীয় শাসন ব্যবস্থা চায়। তাহলে তখন গণতন্ত্র কোথায় যাবে? মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনও দল করতে পারে? ভাবা যায়? এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা আসলে হয়নি। আমরা হারিনি, ওরা ভোট লুঠ করেছে। বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও এইসবের সঙ্গে সরাসরি যুক্ত আছেন।"

তারপরেই মমতা যোগ করেন, “আগামীদিনে ‘ইন্ডিয়া' জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। তবে আমি কাল আসতে বলেছি ওকে। একে একে সকলেই আসবেন। আমরা এই জোটকে আরও শক্তিশালী করব।" সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব এবং হেমন্ত সোরেনরা ফোন করেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান।
বিজেপির বিরুদ্ধে এবার বঙ্গে একজোট বিরোধীরা
প্রসঙ্গত, ২০৭ টি আসনে জিতে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। আর গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে তৈরি হয় বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট। এবার বঙ্গে তৃণমূল হারতেই সেই 'ইন্ডিয়া' জোট নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। এই জোটে কংগ্রেস এবং সিপিএমও আছে। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে 'ইন্ডিয়া' জোটে তৃণমূল-সিপিএম-কংগ্রেসকে এক মঞ্চে দেখা যাবে?

যদিও রাজ্যের সমীকরণ অনুযায়ী, কংগ্রেস এবং সিপিএম তৃণমূল ও বিজেপি, উভয়ের বিরুদ্ধেই লড়াই করে থাকে। তাছাড়া রাজ্যে আইএসএফ-ও আছে। সেইসঙ্গে, 'ইন্ডিয়া' জোটের আরেকটি দল সিপিআই(এম-এল)। এবার তারা সবাই আলাদা আলাদা লড়েছে বিধানসভা ভোটে। সরাসরি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। তাহলে কি এবার বিজেপি সরকার গঠন করায়, সব বিরোধী দল একজোট হয়ে যাবে। ভুলে যাবে সব বিবাদ?
তাই হারের পরদিন মমতার মুখে 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার বার্তা যেন বেশ তাৎপর্যপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।