কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়িতে ইট, চটি ছোড়ার অভিযোগ। পুলিশমন্ত্রী শুভেন্দুকে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানুন।

পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে কাঁচরাপাড়ায় গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ, ছোড়া হয় কাদামাখা ছেঁড়া চটি এবং তোলা হয় ‘চোর-চোর’ স্লোগান।

গাড়িতে ইট, নিরাপত্তা নিয়ে মমতার তোপ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট ছোড়া হয়েছে, যাতে তাঁর মাথা ফেটে যেতে পারত। তিনি বলেন, পুলিশ প্রকৃতপক্ষে বিজেপির ‘লুম্পেন’দের প্রোটেকশন দিচ্ছে এবং গোটা রাজ্যই এখন তাদের হাতে চলে গিয়েছে বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে ইট, কাদা আর ছেঁড়া চটিও। তাঁকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা 'চোর চোর' স্লোগান তোলেন।

এই ঘটনায় মমতা সরাসরি নিশানা করেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বিজেপি গুন্ডা লেলিয়ে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে তিনি জানান, এই ঘটনায় আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তিন বারের মুখ্যমন্ত্রী রীতিমত অভিযোগের সুরে বলেন, 'আমার মাথা ফেটে যেত। এখানে মরে যেতাম। পুলিশ বিজেপিকেই প্রোটেকশন দিচ্ছে।'

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন মমতার সঙ্গী

মমতার সঙ্গে ওই সময় ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাঁরাও বিক্ষোভের মুখে পড়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণের অভিযোগ, শুভেন্দু অধিকারী পুলিশ ও মাফিয়াদের দিয়ে রাজত্ব চালাচ্ছেন।

কাঁচরাপাড়া পাড়ায় যাওয়ার কারণ

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া কাঁচরাপাড়ার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটের পুলিশি হেফাজতে মৃত্যু ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। জেনির অভিযোগ, লকআপে পুলিশের মারধরেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে, যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কল্যাণ বলেন, '‘শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন। মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন।' তিনি আরও বলেন, তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে। তাই আইনি লড়াই তারা চালিয়ে যাবেন। পরিবারকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তাদের।