Tamluk Bargavima Temple: দেশজুড়ে এলপিজি সরবরাহে অনিশ্চয়তা। গ্যাস সংকটের জেরে এবার বন্ধের মুখে পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রসিদ্ধ বর্গভীমা মায়ের মন্দিরের প্রসাদ বিতরণ। এই বিষয়ে কী বলছে মন্দির কর্তৃপক্ষ? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Tamluk Bargavima Temple: যুদ্ধের প্রভাব রান্নার গ্যাসে (LPG Gas Cylinder)। রান্নার গ্যাসের সংকটে এই প্রথম ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুক বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের (Tamluk Kali Temple)। জানা গিয়েছে, ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে। বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে জেলাগুলোতেও।
তমলুক বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের এক পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের এবং পুণ্যার্থীদের জন্য ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট, তাই মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আগামী ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ প্রসাদ।
কেন মন্দিরের প্রসাদ বন্ধের সিদ্ধান্ত?
আরও জানানো হয়েছে যে, যারা বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সংকটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ। যদিও ভক্তরা বলেন যে, ‘’আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি, যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাবো। তাই দ্রুত রান্নার গ্যাস সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক।''
বাড়ল গৃহস্থ গ্যাস বুকিংয়ের সময়সীমা:-
এদিকে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের রিফিল বুকিংয়ের ন্যূনতম অপেক্ষার সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করেছে। রান্নার গ্যাস মজুত করে রাখার প্রবণতা রোধ এবং সকলের মধ্যে সিলিন্ডারের ন্যায্য বণ্টন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের কর্মকর্তারা। তাঁদের মতে, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা এবং এলপিজি সিলিন্ডার প্রাপ্তি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল সরকার। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একবার সিলিন্ডার রিফিল বুক করার পর পরবর্তী বুকিং করতে গ্রাহকদের কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই ব্যবধান ছিল ২১ দিন। নতুন নিয়ম কার্যকর হওয়ায় গ্যাস সিলিন্ডার রিফিলের জন্য অপেক্ষার সময় চার দিন বাড়ল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


