TMCP News: জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি তৈরি হওয়ার আগে থাকতেই গোষ্ঠীকোন্দল শুরু হয়েছিল। নতুন কমিটি গঠনের পরেও অসন্তোষ থামেনি। বরং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে।

DID YOU
KNOW
?
ধূপগুড়িতে অস্বস্তি
জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে গিয়েছে। ছাত্র সংগঠনেও কোন্দল প্রকট।

AITC Inner-conflict: জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নতুন ব্লক কমিটি ঘিরে অসন্তোষ। ডেপুটেশন দেওয়ার একটি ভিডিও এবং ডেপুটেশনের কপি ইতিমধ্যে ভাইরাল। যা সত্য তা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। ধুপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের পুরনো ব্লক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ, নতুন কমিটির সভাপতির সংগঠনিক অভিজ্ঞতা কম এবং তিনি যুব নেতৃত্ব মানতে নারাজ। এই অভিযোগকে সামনে রেখে ধুপগুড়ি তৃণমূল কংগ্রেস গ্রামীণ কার্যালয়ে ভিড় জমান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয় ধুপগুড়ির বিধায়কের কাছে। অভিযোগপত্রে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

জাত-ধর্মের মেরুকরণ

এদিকে সামাজিক মাধ্যমে ধর্ম, সম্প্রদায় ও জাতপাতের প্রসঙ্গ টেনে একাধিক পোস্ট ঘিরে উত্তেজনাও ছড়ায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিধায়ক পার্টি অফিসের সামনে পৌঁছালে তাঁর গাড়ি আটকে ডেপুটেশন জমা দেওয়া হয়। পরবর্তীতে দলের গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায়ের উপস্থিতি ও একাধিক নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয় বলে জানা গেছে। এই পুরো বিষয়ে ধুপগুড়ির বিধায়ক জানান, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। তবে পার্টি অফিসে সংবাদমাধ্যমের সঙ্গে যে হেনস্থার অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে বিধায়ক বলেন, তিনি সেই সময় ধুপগুড়িতে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে কলকাতায় রয়েছেন, ফলে এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। 

বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে শাসক দল

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে ধুপগুড়িতে বারবার প্রকাশ্যে আসা এই গোষ্ঠীকোন্দল শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উত্তরবঙ্গে শাসক দল যখন শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তখন এই ঘটনা দলের পক্ষে নেতিবাচক হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।