2026 West Bengal Legislative Assembly election: এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছেন ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম। তিনি রাজনৈতিক জীবনে বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন, গ্রেফতারও হয়েছেন। এবার বিরোধী দলে যোগ দিয়ে প্রচারে বাধার মুখে পড়ছেন।
KNOW
Arabul Islam: আসন্ন বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) আইএসএফ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে আরাবুল ইসলামের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (AITC) বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার সাকশহর অঞ্চলের ঘটনা। বুধবার দুপুরে ক্যানিং মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়ে সন্ধেবেলা শাকসহর অঞ্চল দিয়ে ফিরছিলেন আরাবুল-সহ কয়েকশো আইএসএফ কর্মী। শাকসহর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা এম এম সফির বাড়ির সামনে দিয়ে যখন আরাবুল যাচ্ছিলেন, সেই সময় তাঁর দলীয় কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে যাযন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন আরাবুল। এই ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সওকত মোল্লাকে আক্রমণ আরাবুলের
এদিন মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় আরাবুলের সঙ্গে ছিলেন আইএসএফ-এর কয়েকশো কর্মী-সমর্থক। তাঁদের নিয়ে মিছিল করে ক্যানিং মহকুমা শাসকের দফতরে পৌঁছন ভাঙড়ের 'তাজা নেতা'। সারা পথ আইএসএফ-এর পতাকায় ঢেকে দেওয়া হয়। আইএসএফ কর্মী-সমর্থকরা আরাবুলের সমর্থনে স্লোগান দেন। মনোনয়ন জমা দেওয়ার পর শাসক দলের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে তোপ দেগে আরাবুল বলেন, 'সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে ৷ এই পরিস্থিতির পরিবর্তন দরকার ৷ সেই পরিবর্তনের জন্যই মানুষ এবার আইএসএফ-কে ভোট দেবে।'
জয়ের বিষয়ে আশাবাদী আরাবুল
আরাবুল আরও বলেছেন, 'আমি যখন বিভিন্ন অঞ্চলে প্রচারে যাচ্ছি, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াচ্ছেন ৷ মানুষের এই সাড়া আমাকে আশাবাদী করে তুলেছে ৷ আমি ক্যানিং পূর্বের মানুষের জন্য কাজ করতে চাই ৷ উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করব ৷ মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের প্রতীক হবে আইএসএফ।' আরাবুলের এই আত্মবিশ্বাস ভোটের ফলে প্রতিফলিত হবে কি না, তা সময়ই বলে দেবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


