2026 West Bengal Legislative Assembly election: বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হিংসা-সন্ত্রাসের অভিযোগ উঠছে। একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে বোমা। ফলে বুধবার ভোটগ্রহণের আগে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
একাধিক জায়গায় বোমা উদ্ধার
বুধবার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।

West Bengal News: বুধবার বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত পৃথিবী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হল আটটি তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের ঠিক আগে এই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, সোমবার সকালে স্কুলের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই অঞ্চল ঘিরে ফেলে এবং বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডও পৌঁছায়। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা এই অঞ্চল পরিদর্শনে এসেছিলেন। তিনি স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দেন। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই এই বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে।

মুর্শিদাবাদেও বোমা উদ্ধার

অন্যদিকে, ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলায়। ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার অন্তর্গত চাঁদপাড়া অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। পুলিশ গিয়ে ব্যাগটি পরীক্ষা করে দেখতে পায়, তার ভিতরে একাধিক তাজা বোমা মজুত রয়েছে। এই ঘটনার জেরে ওই অঞ্চলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই অঞ্চল ঘিরে ফেলে পুলিশ এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। কে বা কারা, কোন উদ্দেশ্যে এতগুলি বোমা ওই অঞ্চলে রেখে গিয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে জোরদার তদন্ত।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণে খুব বেশি হিংসা-অশান্তি হয়নি। কিন্তু দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।