Habra MLA Debdas Mondal: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের (West Bengal Election Results 2026) পর নতুন সরকার গঠিত হতেই শাসক দলের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হচ্ছে। এবার উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক দেবদাস মণ্ডল।

DID YOU
KNOW
?
কড়া বার্তা সরকারের
রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হচ্ছে। এবার একই বার্তা দিলেন বিধায়ক দেবদাস মণ্ডল।

West Bengal News: 'পুরসভার সমস্ত দুর্নীতির ফাইল খোলা হবে। জেলে যেতে হবে হাবড়ার পুর প্রধান নারায়ণচন্দ্র সাহাকে।' শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন নবনির্বাচিত বিধায়ক দেবদাস মন্ডল। তাঁর আরও সংযোজন, ‘শুধু পুরপ্রধানই নয়, তাঁর শাগরেদদের দুর্নীতির বিরুদ্ধেও তদন্ত হবে।’ এদিন হাবড়ার নম্বর ১৪ ওয়ার্ডে একটি অনুষ্ঠান গৃহে দলীয় কর্মিসভায় যোগ দেন বিধায়ক। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'হাবড়া পুরসভার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। আমার কাছে হাবড়ার বিভিন্ন ওয়ার্ড থেকে নানা অভিযোগ আসছে। বিভিন্ন মানুষের কাছ থেকে পুর প্রধান নারায়ণচন্দ্র সাহা টাকা নিয়েছেন। টোটো ও অটো ইউনিয়নের নাম করে আইএনটিটিইউসি নেতা তারক দে টাকা নিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের শাগরেদরা আরও অনেকেই তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন।'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দুর্নীতির বিরুদ্ধে বার্তা শাসক দলের

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) প্রচার পর্বে বিজেপি (BJP) প্রার্থী দেবদাস বিভিন্ন সময়ে হাবড়া পুরসভার দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন। ভোটে জেতার পরে অবশেষে তিনি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন। এদিন তিনি বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি বলেছেন সমস্ত দুর্নীতির তদন্ত হবে। আমিও আপনাদের কথা দিয়ে গেলাম, হাবড়ায় তৃণমূল কংগ্রেস (AITC) নেতাদের সব দুর্নীতির তদন্ত হবে। দুর্নীতির সঙ্গে জড়িতরা সকলেই জেলে যাবেন।' বিধায়কের আরও সংযোজন, 'সরকার ঘোষণা করার পরেও যাঁরা বেআইনি গ্যারাজ করছেন, টাকা তুলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

ফের গ্রেফতার হবেন জ্যোতিপ্রিয়?

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। এবার নবগঠিত রাজ্য সরকার হাবড়া পুরসভার দুর্নীতি নিয়ে যদি তদন্ত শুরু করে, তাহলে সেই ঘটনাতেও জ্যোতিপ্রিয়র নাম জড়িয়ে যেতে পারে। কারণ, তিনি হাবড়ার প্রভাবশালী নেতা ছিলেন। হাবড়া পুরসভাতেও তাঁর প্রভাব ছিল যথেষ্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।