CM Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) খোলনলচে বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছেন। একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এবার নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।
KNOW
West Bengal Police: পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। আগামী তিন মাসের মধ্যে পুলিশের উন্নয়নে নতুন কিছু করা হবে। তবে বিগত ওয়েলফেয়ার বোর্ড বা সিপিএমের আমলের নন গেজেটেড পুলিশ অফিসার ইউনিয়নের মত কিছু করা হবে না। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে গিয়ে প্রশাসনিক বৈঠক করার পর এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (West Bengal Chief Minister Suvendu Adhikari)। তিনি বলেন, 'গত পাঁচ বছরে যাঁরা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, যাঁদের কাছে তথ্য আছে তাঁরা তথ্য দিয়ে অথবা যাঁদের কাছে তথ্য নেই, পুলিশ তা তদন্ত করে দেখবে। নতুন করে অভিযোগ জানাতে পারবেন। মহিলারা যাঁরা অত্যাচারিত হয়েছেন, যাঁরা পুলিশের একাংশের দ্বারা অত্যাচারিত বা যাঁরা অভিযোগ করতে এসে হেনস্থার শিকার হয়েছেন, যদি এই ধরনের অভিযোগ করার জন্য কেউ থাকেন সেই অভিযোগ পুলিশের কাছে করবেন। পুলিশ আবার নতুন করে এফআইআর নেবে।'

তোলাবাজি বন্ধে কড়া বার্তা
তোলাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'কোনও কাজের জন্য কাউকে কাটমানি দিতে হয়েছে, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো অথবা ইউপিআই-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে এইরকম প্রমাণ-সহ অভিযোগ পুলিশের কাছে করা যাবে। কোনও টোটো, অটো, রিক্সা থেকে তোলা তোলা আদায় করা যাবে না। কোনও হকারের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করা যাবে না। এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি কাউকে টাকা না দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে। পুলিশ ব্যবস্থা নেবে।'
মহিলা পুলিশকর্মীদের পোস্টিং নিয়ে পরামর্শ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita, 2023) আওতায় চলবে পুলিশ। ১৫ বছরের বেশি যে সকল পুলিশ কনস্টেবল কর্মরত, তাঁদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করতে রাজ্য পুলিশের ডিজি-কে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মহিলা পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে তাঁদের যাতে নিজেদের জেলার মধ্যে পোস্টিং দেওয়া যায়, তা নিয়েও পুলিশ আধিকারিকদের চিন্তা-ভাবনা করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের ওয়েলফেয়ার বোর্ড এবং বাম আমলের নন-গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির ঘরানা থেকে বেরিয়ে এসে আগামী তিন মাসের মধ্যে পুলিশ কর্মচারীদের উন্নয়নের জন্য নতুন কিছু তৈরি করবে, বর্তমান রাজ্য সরকার। এমনটাই প্রশাসনিক বৈঠক শেষে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হল বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবেন স্বরাষ্ট্র সচিব। মুখ্যমন্ত্রীর দাবি, ‘আগে শাসকের আইন ছিল। এখন আইনের শাসন চলছে। পুলিশ ওয়েলফেয়ারে আখেরে পুলিশের লাভ হয়নি। শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাস্ব রাউতরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বিগত রাজ্য সরকারের আমলে দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


