Drug Smuggling: মাদক পাচার রোখার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হল। এক মাদকের কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
KNOW
West Bengal News: মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের বড়সড় সাফল্য। সীমান্তবর্তী অঞ্চল থেকে আবারও কয়েক লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় আশরাফুল হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সুতি থানার শ্রীরামপুর অঞ্চলে নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। তল্লাশির সময় তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ১০০ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত আশরাফুলের বাড়ি সুতি থানার শেখপাড়া অঞ্চলে। তাকে গ্রেফতার করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে।
মাদক পাচারের তদন্ত শুরু
পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ধৃত ব্যক্তি কতদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত, এই হেরোইন কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
সুতিতে উদ্ধার এক ডজন তাজা বোমা
অন্যদিকে, সুতি থানার বালিয়াঘাটির একটি পরিত্যক্ত গোডাউন থেকে এক ডজন তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১২টি তাজা বোমা, প্রায় দু'কেজি বোমা তৈরির বারুদ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সিআইডি-র বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করে। জানা গিয়েছে, সুতির কাশিমনগরের বাজে গাজিপুর হাসপাতাল চত্বর সংলগ্ন আমবাগানে বোমাগুলি নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করা হয়। অভিযানে ছিলেন সুতি থানার পুলিশ এবং সিআইডি-র বম্ব স্কোয়াডের সদস্যরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কে বা কারা ওই পরিত্যক্ত গোডাউনে এত বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক মজুত করেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


