পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার পরীক্ষা শেষ হতেই কড়া নিরাপত্তায় তাঁকে ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে আনা হয়।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শুক্রবার ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে আনা হয়েছে। ইসলামাবাদে শিফা আন্তর্জাতিক হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে হাসপাতালে ইমরান খান

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইমরান খানকে আনা-নেওয়া করা হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে পিত্রাস বুখারি রোড দিয়ে হাসপাতালের এক নম্বর গেট দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়। তিনি পৌঁছনোর আগেই আইন তদন্তকারী সংস্থাগুলি গোটা হাসপাতাল চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে। প্রায় ৮০০ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল হাসপাতাল চত্ত্বরে।

বৃহস্পতিবার রাতেই সাধারণ মানুষের জন্য পিত্রাস বুখারি রোড এবং সার্ভিস রোড সাউথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি (ICT) পুলিশ, শহর প্রশাসন এবং রেঞ্জার্স মিলিয়ে প্রায় ৮০০-র বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।

ডন-এর মতে, এই নিরাপত্তা ব্যবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে ঐতিহাসিক পানামগেট মামলার শুনানির সময় ফেডারেল জুডিশিয়াল অ্যাকাডেমিতে যে নজিরবিহীন নিরাপত্তা দেখা গিয়েছিল, তাকেও মনে করিয়ে দিয়েছে। রাজধানীর পুলিশ এবং জেল আধিকারিকদের যৌথ দল এই পুরো অপারেশনের দায়িত্বে ছিল, যাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর হাসপাতালে থাকার সময় কোনও রকম নিরাপত্তা ঘাটতি না হয়।

কী বলল হাসপাতাল? শীর্ষ আদালত শরিফ সরকারকে নির্দেশ দিয়েছিল, দুদিনের মধ্যে ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। শিফা আন্তর্জাতিক হাসপাতালের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানান হয়নি। তবে সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন ইরমান খান। এদিন তাঁর পুরো স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল বলেও সূত্রের খবর।

২০২৩ সাল থেকে জেলে রয়েছেন ইমান খান

২০২৩ সাল থেকে তোশাখানা মামলায় ১৪ বছরের সাজা খাটছেন ইমরান খান। সম্প্রতি জেলে তাঁর রক্তচাপ ওঠানামা করছিল এবং অন্যান্য কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল। এই রিপোর্টের ভিত্তিতেই তাঁকে হাসপাতালে আনার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরেই, ভোর হওয়ার আগেই ইমরান খানকে সরাসরি আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।