ছয় মাস বয়সের পর শিশুকে কঠিন খাবার দেওয়া শুরু করার সময় অনেক বাবা-মা কিছু সাধারণ ভুল করে থাকেন। শিশুরোগ বিশেষজ্ঞের মতে, শুধু ডাল-ভাতের ফ্যান বা ফলের রস খাওয়ানো, অতিরিক্ত দুধ দেওয়া এবং অসুস্থতায় খাবার বন্ধ করার মতো ভুল শিশুর পুষ্টির ঘাটতি হয়।
ছয় মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি সলিড বা কঠিন খাবার দেওয়া শুরু করা হয়। এই সময় অনেক বাবা-মা কিছু সাধারণ ভুল করে বসেন, যার ফলে বাচ্চার পুষ্টির ঘাটতি হতে পারে। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাধবী ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, বাবা-মায়েরা ৬ মাসের শিশুকে সলিড খাবার দেওয়া শুরু করলেও কিছু ভুলের কারণে বাচ্চার বেড়ে ওঠায় সমস্যা হতে পারে।

ডাল বা ভাতের ফ্যান খাওয়াবেন না
ডাক্তারের মতে, ৬ মাসের শিশুকে শুধু ডাল বা ভাতের ফ্যান বা জলটা দিলে চলবে না। বরং, গোটা ডাল আর ভাত ভালো করে চটকে বা ম্যাশ করে খাওয়াতে হবে। যদি শুধু জল বা ফ্যান দিয়ে বাচ্চার পেট ভরে যায়, তাহলে সে প্রয়োজনীয় পুষ্টি পাবে না। অথচ এই ভুলটা প্রায় সব বাবা-মা করে থাকেন।
খুব বেশি দুধ খাওয়ানো
ছয় মাস বয়সের পর অনেক বাবা-মা শিশুকে দুধ বেশি পরিমাণে খাওয়ান, আর সলিড খাবার খুব অল্প দেন। কিন্তু এমনটা করা উচিত নয়। আপনি যদি শিশুকে বুকের দুধ বা ফর্মুলা মিল্ক দেন, তা অবশ্যই চালিয়ে যান, কিন্তু তার পাশাপাশি মূল খাবার হিসেবে সলিড খাবার অবশ্যই খাওয়াতে হবে।
ফলের রস নয়, গোটা ফল দিন
ডাক্তার মাধবী ভরদ্বাজ বলছেন, শিশুকে শুধু ফলের রস খাওয়াবেন না। যদি বাচ্চাকে সম্পূর্ণ পুষ্টি দিতে চান, তাহলে তাকে গোটা ফল খাওয়ানোই ভালো। নরম ফল যেমন কলা, আম, সেদ্ধ করা আপেল ইত্যাদি হালকা চটকে খাওয়ানোর চেষ্টা করুন।
শিশুকে বিস্কুট থেকে দূরে রাখুন
অনেক বাবা-মা ৬ মাসের শিশুকে চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ান, যা একেবারেই ঠিক নয়। আপনি যদি শিশুকে ময়দার তৈরি এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস করান, তাহলে তার এগুলোই বেশি ভালো লাগবে এবং সে অন্য স্বাস্থ্যকর খাবার খেতে চাইবে না।
সর্দি-কাশি হলে এই খাবারগুলো বন্ধ করবেন না
শিশুর সর্দি-কাশি হলে অনেক বাবা-মা তাকে ফল বা দুধ দেওয়া বন্ধ করে দেন। এমনটা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং তারপর বাচ্চার ডায়েট ঠিক করা উচিত।

