2027 ICC Men's Cricket World Cup: ঠিক এক বছর পর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ২০২৩ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়ার পর এবার চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। নিশ্চিতভাবেই শেষবার বিশ্বকাপে খেলতে নামবেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)।
KNOW
2027 ICC Men's Cricket World Cup Schedule: ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia) ও রানার্স ভারতের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব। ২০২৭ সালের ৭ অক্টোবর কেপটাউনে (Cape Town) শুরু হবে ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গে (Johannesburg) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ছাড়াও আছে আফগানিস্তান (Afghanistan), জিম্বাবোয়ে (Zimbabwe)। যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাওয়া এক দলও থাকবে এই গ্রুপে। গ্রুপ বি-তে থাকছে নিউজিল্যান্ড (New Zealand), দক্ষিণ আফ্রিকা (South Africa), শ্রীলঙ্কা (Sri Lanka), ইংল্যান্ড (England) এবং বাংলাদেশ (Bangladesh)। এছাড়া যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা এক দলও এই গ্রুপে থাকবে।
৩ দেশে বিশ্বকাপ
আগামী বছরের ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া (Namibia)। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর থসোয়ানে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ১৭ অক্টোবর চতুর্থ ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দল। এই ম্যাচ হবে ব্লুমফন্টেনে। ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ হবে নতুন তৈরি হওয়া মোসি-ওয়া-তুনিয়া স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ হবে।
২ অক্টোবর শুরু সুপার সিরিজ
ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হওয়ার আগে ২ অক্টোবর উইন্ডহোকে শুরু হবে তিন দলের সুপার সিরিজ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করা তিন দল এই পর্বে খেলবে। ২, ৪ ও ৬ অক্টোবর তিনটি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দলগুলি। তিন ম্যাচ শেষে শীর্ষে থাকা দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে। অন্যদিকে, কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন দল সরাসরি গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর যোগ্যতা নির্ধারণের সময়সীমা অনুযায়ী ১৪ দলের মধ্যে ১০টি দলের জায়গা নিশ্চিত হয়েছে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের সঙ্গে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে। র্যাঙ্কিংয়ের মাধ্যমে জায়গা পাওয়া আট দল হল ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। বাকি চারটি জায়গা নির্ধারিত হবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে। বিজয়ী সরাসরি গ্রুপ পর্বে খেলবে। বাকি তিন দল খেলবে সুপার সিরিজে। অন্যতম আয়োজক দেশ হওয়া সত্ত্বেও নামিবিয়ার বিশ্বকাপে জায়গা এখনও নিশ্চিত হয়নি। ওয়েস্ট ইন্ডিজও যোগ্যতা অর্জন পর্বে খেলবে।
১২ স্টেডিয়ামে ৫৭ ম্যাচ
ওডিআই বিশ্বকাপে সুপার সিরিজ, গ্রুপ পর্ব, সুপার সেভেন এবং নক-আউট পর্ব মিলিয়ে মোট ৫৭টি ম্যাচ হবে। মোট ১২টি স্টেডিয়ামে ম্যাচ হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবোয়ের তিনটি এবং নামিবিয়ার একটি স্টেডিয়ামে ম্যাচ হবে। সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে ডারবান ও উইন্ডহোক। এই দুই স্টেডিয়ামে ছ’টি করে ম্যাচ হবে। কেপটাউন, জোহানেসবার্গ, ব্লুমফন্টেইন ও গকেবেরহায় হবে পাঁচটি করে ম্যাচ। থসোয়ানে, পার্ল, কুগোম্পো সিটি, হরারে ও ভিক্টোরিয়া ফলসে হবে চারটি করে ম্যাচ। বুলাওয়েতে হবে দুই ম্যাচ। বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল হবে ১৭ নভেম্বর কেপটাউনে। দ্বিতীয় সেমি-ফাইনাল ১৮ নভেম্বর থসোয়ানে। দুই সেমি-ফাইনালেরই রিজার্ভ ডে থাকবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল। এই ম্যাচের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


