Indian Shuttler Tanvi Sharma: ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা হয়ে ওঠার পথে তরুণী তানভি শর্মা। এবারের সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে (Syed Modi International 2026) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তানভি। তিনি মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু ফাইনালে হেরে গেলেন এই তরুণী।

DID YOU
KNOW
?
তৃষা-গায়ত্রীর হার
টানা ৩ বার সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মহিলাদের ডাবলসে খেতাব জয়ের খুব কাছে গিয়েও পারলেন না তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ।

Syed Modi International 2026: সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে লড়াই করেও হেরে গেলেন ভারতের উঠতি তারকা তানভি শর্মা (Tanvi Sharma)। রবিবার লখনউয়ে (Lucknow) মহিলাদের সিঙ্গলস ফাইনালে থাইল্যান্ডের (Thailand) সুপানিদা কাতেথংয়ের (Supanida Katethong) কাছে তিন গেমের লড়াইয়ে হেরে গেলেন ১৭ বছর বয়সি ভারতীয় শাটলার। প্রথম গেম জিতেও শেষরক্ষা করতে পারলেন না তানভি। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২১-১১, ১২-২১, ১৫-২১। ফলে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করলেন তানভি। এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন ভারতের দুই তারকা পিভি সিন্ধু (PV Sindhu) (২০১৭, ২০২২ ও ২০২৪) এবং সাইনা নেহওয়াল (Saina Nehwal) (২০০৯, ২০১৪ ও ২০১৫)। এই তালিকায় জায়গা করে নেওয়ার হাতছানি ছিল তানভির সামনে। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হল না।

লড়াই করেও হার তানভির

লখনউয়ের ইউপি ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে (UP Badminton Academy) দর্শকদের উপস্থিতিতে দুরন্ত শুরু করেছিলেন র‌্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা তানভি। বাঁ হাতি থাই প্রতিপক্ষকে নিজের বৈচিত্র্যময় শট এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে রেখেছিলেন তিনি। অনায়াসে প্রথম গেম ২১-১১ ব্যবধানে জিতে ফাইনালে এগিয়ে যান ভারতীয় তরুণী। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। একের পর এক আনফোর্সড এরর করতে শুরু করেন তানভি। ৬-৯ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পরবর্তী ১৮ পয়েন্টের মধ্যে ১৫টিই জিতে নেন কাতেথং। ২১-১২ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান থাই শাটলার। নির্ণায়ক তৃতীয় গেমেও ভুলের খেসারত দিতে হয় তানভিকে। নিজের পরিচিত বৈচিত্র্যময় শট খেলতে গিয়ে বারবার লাইনের বাইরে শাটল পাঠিয়ে ফেলছিলেন তিনি। দীর্ঘ র‌্যালিতে প্রতিপক্ষকে চাপে রাখার বদলে দ্রুত পয়েন্ট শেষ করার তাড়াহুড়ো দেখা যায় তাঁর খেলায়। অন্যদিকে, প্রথম গেমে হারের পর কাতেথং নিজের খেলার গতি ও আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দেন। তানভির ক্লান্তিও তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে। ফাইনালের আগে শেষ তিনটি রাউন্ডেই দীর্ঘ ম্যাচ খেলতে হয়েছিল তাঁকে। বিশেষ করে স্বদেশীয় উন্নতি হুডার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াই ছিল যথেষ্ট কঠিন। ফলে ফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে শারীরিক ধকল সামলানো কঠিন হয়ে পড়ে ভারতীয় শাটলারের পক্ষে। তবে ফাইনালে হারলেও তানভির জন্য সুখবর রয়েছে। এই পারফরম্যান্সের সুবাদে মহিলাদের সিঙ্গলস বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০-তে ঢুকতে চলেছেন তিনি। কিশোরী বয়সে এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় ভারতীয় হবেন তানভি। এর আগে একমাত্র সিন্ধুই এই নজির গড়েছিলেন।

মহিলাদের ডাবলসেও সাফল্য পেল না ভারত

রবিবার দিনের শুরুতে মহিলাদের ডাবলস ফাইনালেও হতাশ হতে হয় ভারতীয়দের। টানা তৃতীয়বার সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করলেন তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand)। ইন্দোনেশিয়ার চতুর্থ বাছাই জুটি ইসিয়ানা মেইদা ও রিঞ্জানি নাস্তিনের কাছে হেরে গেলেন তাঁরা। ম্যাচের নির্ণায়ক গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যায় ভারতের শীর্ষবাছাই জুটি। পরপর সাত পয়েন্ট হারিয়ে খেতাব হাতছাড়া করেন তৃষা-গায়ত্রী। প্রথম গেম ২৪-২২ ব্যবধানে জিতলেও দ্বিতীয় গেমে ১২-২১ ব্যবধানে হেরে যান তাঁরা। নির্ণায়ক গেমেও শেষ মুহূর্তে ছন্দ হারিয়ে খেতাব হারান গতবারের চ্যাম্পিয়নরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।