Burdwan News: বঙ্গ বিধানসভা ভোটের আবহে তৃণমূলের ব্লক সভাপতি নেত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বললেন মেমারির তৃণমূল নেত্রী। তার বক্তব্য ভাইরাল হতেই শুরু হয়েছে বাম-বিজেপি রাজনৈতিক তরজা। কী বলেছেন তিনি? কোন কথায় ছড়ালো বিতর্ক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Burdwan News: যাদের বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা আছে, মুছে না ফেললে তাঁর বাড়ির লক্ষীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। -হুঁশিয়ারি মেমারির তৃণমূল নেত্রীর! বাড়ির দেওয়ালে আঁকা পদ্ম মুছে না ফেললে বাদ যাবে লক্ষীর ভান্ডার! এমনই হুঁশিয়ারি মেমারি ১ নং ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী গীতা দাসের। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মেমারি বিধান সভার তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে কয়েক দিন আগে দেব সভা করেন।দেব আসার আগে সভায় বক্তব্য রাখতে গিয়ে মেমারি এক নম্বর ব্লকের মহিলা সভানেত্রী গীতা দাস বলেন, ‘’যার বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা থাকবে, না মুছে দিলে তার বাড়ির লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে।'' 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল নেত্রী:-

পাশাপাশি তিনি আরও বলেন, ‘’মমতা ব্যানার্জীর নিন্দে করছিস তোদের লজ্জা হওয়া উচিত। আর লজ্জা কেন হবে ওরা তো মোদীর (Narendra Modi) কাছে পাচ্ছে মদ, মাংস খাবার টাকা। মদ, মাংস খাবার টাকা নিচ্ছে আর দেওয়ালে পদ্মফুল আঁকছে। তাই বলছি বিজেপি ভোট চাইতে বাড়ি গেলে তখন ঝাঁটা নিয়ে তাড়া করবেন।'' আর মহিলা সভানেত্রীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 নমিনেশন আবহে বিজেপি, সিপিএম একযোগে এই মন্তব্যের সমালোচনা করেছে। মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ বলেন, ‘’মানুষ এই হুমকির জবাব এবার ব্যালটে দেবে। যে সমস্ত নেতারা হুমকি দিচ্ছেন সাবধান হয়ে যাবেন, সরকার পরিবর্তন হবে আর মানুষ তাদের দেখে নেবে। পায়ের তলায় মাটি নেই আসলে যেমন ঝার,তেমন বাঁশ।'' অন্যদিকে এই বিষয়ে মেমারির সিপিএম প্রার্থী কৃশানু ভদ্র বলেন, ‘’এটা একধরণের গণতন্ত্রের উপর হুমকি। উনি বুঝে বলেছেন, না, না বুঝে বলেছেন জানি না। উনি যদি পারেন যে একটা নাম কেটে দিতে পারেন, তো দিক। আমরা এটা বুঝে নেবার চেষ্টা করব। সরকারি প্রকল্প থেকে রাজনৈতিক কারণে মানুষকে বঞ্চিত করার কারণ কি? চাকরি চুরি করে যারা তারা একটা দেয়াল লেখার কারণে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করবেন এটা তাদের কাজ।''

Hooghly News: বামপন্থার সেকাল-একাল! বিজেপিতে যোগ দিলেন অনিল পুত্র সৌম্য বসু

যদিও মেমারি ১ নং ব্লক তৃণমুলের সভাপতি গীতা দাস নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘’বিজেপির বাড়ির লোকেদের তৃণমূলের লোকেরাই ফর্ম ফিলাপ করে দিয়েছেন। সেখানে বিজেপি বা সিপিএম এর কারওকে দেখা যায়নি। তোমরা যখন মমতা ব্যানার্জীর প্রকল্প ভোগ করবে, তখন তোমাদের দেওয়ালে কেন পদ্মফুল আঁকতে দেবে। সেইজন্যই আমি বলেছি তেমাদের দেওয়াল থেকে পদ্মফুল মুছে দাও। কারণ, তোমরা লক্ষীর ভাণ্ডার নিচ্ছো। যদি লক্ষীর ভাণ্ডারকে রাখতে চাও তাহলে পদ্মফুলে যাবে না, পদ্মফুল আঁকতে দেবে না।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।