2026 West Bengal Legislative Assembly Election: বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে রাজ্যজুড়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নগদ অর্থ, মদ-মাদক, অস্ত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বহু কোটি টাকার নগদ, মদ, মাদক-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারও করা হয়েছে।

DID YOU
KNOW
?
রাজ্যে ২ দফায় ভোটগ্রহণ
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ২ দফায় ভোটগ্রহণ করা হতে চলেছে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ।

West Bengal Elections 2026: চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটগ্রহণের আগের রাত পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু এবং উপহার বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে মদই বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৩৯ লক্ষ ৩১ হাজার লিটার। যার বাজারমূল্য প্রায় ১০২ কোটি ৪৫ লক্ষ টাকা। এছাড়া ১০৮ কোটি ১১ লক্ষ টাকার বাজারমূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। ভোটের আগে ২০০ কোটি টাকারও বেশি মদ ও মাদক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটের আগে বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত করতে এই মদ ও মাদক কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

নগদ সাড়ে ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নগদ ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ১৭৮ কোটি ৮৩ লক্ষ টাকার উপহার সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করার জন্য এই উপহার সামগ্রী দেওয়ার পরিকল্পনা ছিল নির্দিষ্ট রাজনৈতিক দলগুলির। এছাড়া প্রায় ৫৫ কোটি ৮৮ লক্ষ টাকার বাজারমূল্যের সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু (Tamil Nadu) থেকে নগদে ১০০ কোটি ১৯ লক্ষ টাকা এবং ১৫৯ কোটি ৩১ লক্ষ টাকার বাজারমূল্যের মদ ও মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতেও বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তার আগে বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজ্যজুড়ে নাকা চেকিং

বৃহস্পতিবার রাজ্যে যে ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে, সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের অন্য প্রান্তগুলিতেও নাকা চেকিং চলছে। রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।